ক্রিকেট

তরুণরা তিন সংস্করণেই খেলতে চায়, টি-টুয়েন্টি একটু বেশি খেলতে চায়: শান্ত

তরুণরা তিন সংস্করণেই খেলতে চায়, টি-টুয়েন্টি একটু বেশি খেলতে চায়: শান্ত

আফগানিস্তানের বিপক্ষে শুক্রবার একমাত্র টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। এ ম্যাচের আগে সার্বিক বিষয় নিয়ে কথা বলেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার মতে, বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা সব সংস্করণেই খেলতে চায়। তবে সংক্ষিপ্ত সংস্করণ টি-টুয়েন্টি একটু বেশি খেলতে চায়। 

শুক্রবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-আফগানিস্তানের একমাত্র টেস্ট ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১২ টায়।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেট সবসময়ই বিশেষ এবং তরুণ ক্রিকেটাররা সবাই টেস্ট খেলতে চায়। তবে আজকাল বিশ্ব ক্রিকেট যেভাবে এগিয়ে চলছে, সেই বাস্তবতায় তারা সংক্ষিপ্ত সংস্করণের কথাও ভাবে। আমি যখন তরুণ ক্রিকেটারদের সাথে কথা বলি, তারা তিন সংস্করণেই খেলতে চায়। অবশ্যই তারা টি-টোয়েন্টি একটু বেশি খেলতে চায়, সেটা ভিন্ন বিষয়।’

‘যখন টেস্ট ক্রিকেট বা প্রথম শ্রেণির ম্যাচের সুযোগ আসে, তখন সবাই খেলতে মুখিয়ে থাকে। তাই এখানে একটা মিশ্র আবহ রয়েছে। আমি মনে করি, এখনকার দিনে ক্রিকেটারদের ছোট ও বড় উভয় সংস্করণের সাথেই নিজেদের দক্ষতার মানিয়ে নেয়া প্রয়োজন।’

উইকেটের আচরণ নিয়ে শান্ত বলেন, ‘উইকেট গতকালকে একটু দেখার সুযোগ হয়েছে, আজকে আরেকবার একটু দেখব। দেখে ভালো মনে হচ্ছে, হয়তো একটু স্লো থাকতে পারে। কিন্তু আমার মনে হয় যে, ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’

বিষয়:অস্ট্রেলিয়া আফগানিস্তান আবুধাবি বাংলাদেশ শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…