বাংলাদেশ সরকারের জরুরী চিকিৎসা সহায়তা, শুকনো খাবার এবং আশ্রয়কেন্দ্র মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছে সশস্ত্র বাহিনীর বিমান সহায়তা দল এবং স্থানীয় দূতাবাসের সদস্যরা।
রোববার (৩০ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়।
এর আগে, ১৬.৫০ টন ত্রাণ সহায়তা সামগ্রী নিয়ে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমান মিয়ানমার পৌঁছায়।
বেলা ১২টা ৩৫ ঘটিকায় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ মিয়ানমারের ইয়াংগুন এর উদেশ্যে রওনা হয়। পাঠানো ১৬.৫০ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে শুকনো রেশন, বিশুদ্ধ পানি, খাবার স্যলাইন, তাঁবু, হাইজিন প্রোডাক্টসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী।
উল্লেখ্য, গত ২৮ মার্চ স্থানীয় সময় ১২টা ৫০ মিনিটে মিয়ানমার ও থাইল্যান্ডে ৭.৭ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে ১,৬৪৪ জন নিহত এবং ৩,৪০৮ জন আহত হয়েছে বলে জানা যায়। মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরী চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।








