বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে কৌশলগত আলোচনা হয়েছে। এতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।
এ সময় জাতিসংঘের সংস্কার এবং বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তার বিষয়েও একমত হন তারা।
বৈঠকে দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরা হয়।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।







