ক্রিকেট

কেন আশরাফুলকে সব কৃতিত্ব দিলেন সালাউদ্দিন

মিরপুর টেস্ট

কেন আশরাফুলকে সব কৃতিত্ব দিলেন সালাউদ্দিন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর দুদিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব হারান মোহাম্মদ আশরাফুল। অন্তর্বর্তী দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিনে বাংলাদেশের ব্যাটারদের পারফরম্যান্সে মুগ্ধ অভিজ্ঞ এ কোচ। সেই সাফল্যের পুরো কৃতিত্ব দিয়েছেন পূর্বসূরি আশরাফুলকে।

মিরপুর টেস্টের প্রথমদিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে বাংলাদেশ। ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম। দ্বিতীয় দিনে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরির লক্ষ্যে নামবেন বাঁহাতি ওপেনার।

মুশফিকুর রহিমের চোটে সুযোগ পাওয়া তাওহীদ হৃদয়ও ব্যাট হাতে রেখেছেন দারুণ অবদান। পায়ের পেশিতে টান লাগায় স্ট্রেচারে মাঠ ছাড়ার আগে ৮৪ বলে ৪২ রান করেন। সবমিলিয়ে প্রথমদিন ৩ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে উঠে আসে ব্যাটিং কোচ পরিবর্তনের প্রসঙ্গ। প্রায় একবছর জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছিলেন আশরাফুল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে দলের অনুশীলনেও ব্যাটারদের নিয়ে কাজ করতে দেখা গেছে তাকে। কিন্তু সিরিজ শুরুর দুদিন আগে তাকে সরিয়ে দায়িত্ব দেয়া হয় সালাউদ্দিনকে।

নতুন দায়িত্বে প্রথমদিনেই ব্যাটারদের থেকে ভালো পারফরম্যান্স পেয়েছেন সালাউদ্দিন। সেটিকে নিজের কৃতিত্ব হিসেবে দেখতে নারাজ। আশারাফুলের রেখে যাওয়া কাজের ধারাবাহিকতাকে বড় করে দেখছেন। বলেছেন, ‘এখানে আসলে খুব বেশি পরিবর্তন হয় না। কারণ তাদের সঙ্গে তো আমার যোগাযোগ আছে। আর পূর্ববর্তী যারা ছিল বা আশরাফুল ছিল, এখানে আসলে সব কোচ এক-একটা লিগেসি রেখে যায়। সে নিশ্চয়ই কোন ভালো কাজ করেছে বলেই হয়তো এই টেস্টে তারা (ব্যাটাররা) ভালো করছে।’

সালাউদ্দিনের মতে, একটি দলের সাফল্যের পেছনে একাধিক কোচের অবদান থাকে। বলেছেন, ‘আমার মনে হয় সবারই এখানে অবদান আছে দিন শেষে বাংলাদেশের জন্য। হয়তো নিজের পেশায় প্রতিদিন ভালো করবেন না। তবে সততার সঙ্গে চেষ্টা করছেন কিনা সেটা আসলে মূল বিষয়।’

আশরাফুলের অধীনে ব্যাটাররা দীর্ঘসময় কাজ করেছেন। সেই পরিশ্রমের ফল এখন পাওয়া যাচ্ছে কিনা, এমন প্রশ্নে সালাউদ্দিন মনে করেন, বর্তমান পারফরম্যান্সের কৃতিত্ব আশরাফুলের প্রাপ্য।

‘আমার মনে হয় যে, আশরাফুল এখানে ছিল একটা বছর। ব্যাটারদের নিয়ে অনেক কাজ করেছে। হয়তো রেজাল্ট মাঝে মাঝে এসেছে, মাঝে মাঝে আসেনি। হয়তো এই রেজাল্টটা এখন আসছে। এটা মনে হয় আমি মজা নিচ্ছি, আসলে তা না।’

সালাউদ্দিন জানান, ব্যাটিংয়ের মৌলিক পরিকল্পনায় বড় কোন পরিবর্তন আনার সুযোগও ছিল না তার। তাই ব্যাটারদের এই পারফরম্যান্সে আশরাফুলের অবদানকে সামনে রাখতে চান। বলেছেন, ‘পূর্ববর্তীতে সে অনেক কাজ করেছে। আমরা তো খুব বেশি সময়ও পাইনি। এখানে আমাদের খুব বেশি পরিবর্তন করারও কিছু নাই। আমার মনে হয় যে পুরো কৃতিত্বটাই আশরাফুলের। সে গত একটা বছর ব্যাটারদের নিয়ে কাজ করেছে। যদি তাদের মানসিকভাবেও কোন সামান্য পরিমাণ সাহায্য করে থাকে বা বড় পরিসরে সহায়তা করে থাকে, এটা তাকেই কৃতিত্ব দেয়া উচিত।’

বিষয়:আশরাফুল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ বাংলাদেশ ব্যাটিং কোচ সালাউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…