বাংলাদেশের মেয়েদের জাতীয় দল তো বটেই, দেশের ফুটবলের জন্যই ঐতিহাসিক দিন। প্রথমবার এএফসি এশিয়ান কাপে জায়গা করে নেয়া মেয়েদের জাতীয় দল দুপুরে প্রথমবার টুর্নামেন্টটিতে খেলতে নামছে। লাল-সবুজের প্রতিনিধিদের আসরে প্রথম প্রতিপক্ষ প্রতিযোগিতাটির সবচেয়ে সফল দল চীন।
সিডনির ওয়েস্টার্ন স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় নামবে আফঈদা খন্দকারের দল। প্রতিযোগিতারটিতে সবচেয়ে সফল চীন ২১ আসরের মধ্যে ৯ বারই চ্যাম্পিয়ন হয়েছে।
ম্যাচে নিজেদের ধরনে খেলতে চায় বাংলাদেশ। সোমবার সংবাদ সম্মেলনে অধিনায়ক আফঈদা বলেছেন, ‘চীন খুবই শক্তিশালী এবং সুসংগঠিত দল। আমাদের বাস্তববাদী হতে হবে। ফলাফল যাই হোক, আমরা নিজস্ব কৌশলে খেলব। রক্ষণাত্মক হয়ে স্রেফ গোল ঠেকানোর মানসিকতা আমাদের নেই।’
চীন শক্তিশালী হলেও বাংলাদেশকে খাটো করে দেখছে না। দলটির কোচ আন্তে মিলিচিক বলেছেন, ‘আধুনিক ফুটবলে যেকোনো দল যেকোনো দিনে কঠিন সময় উপহার দিতে পারে। বাংলাদেশ এখানে কোন চাপ ছাড়াই খেলবে। আমরা তাদের মোটেও খাটো করে দেখছি না। গত কয়েক বছরে বাংলাদেশের নারী ফুটবলে বিনিয়োগ এবং তাদের খেলার মান অনেক বেড়েছে।’
কৌশল বাস্তবায়নের প্রস্তুতি নিয়ে কমতি থেকে গেছে বাংলাদেশের। গত নভেম্বরে ইংল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছে চীন। ফল যদিও অনুকূলে আসেনি, দুম্যাচে তারা ৮-০ ও ৩-২ গোলে হেরেছে। অন্যদিকে গত ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে ম্যাচের পর আর খেলাই হয়নি বাংলাদেশের।







