বাংলাদেশ

বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশি পণ্য আমদানি ও কর্মী নিয়োগে ৪ দেশের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে স্লোভেনিয়া, এস্তোনিয়া, গিনি ও ঘানার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বঙ্গভবনে চার দেশের নবনিযুক্ত অনাবাসিক কূটনীতিকরা রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করতে গেলে তিনি এসব আহ্বান জানান।

পরিচয়পত্র পেশ করেন ঘানার নবনিযুক্ত অনাবাসিক হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসো এবং গিনি, এস্তোনিয়া ও স্লোভেনিয়ার নবনিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত কন্তে আলাসানে, ক্রিস্টি কারেলসন ও টমাস মেন্সিন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত ও পাটজাত পণ্য, সিরামিক, হিমায়িত মাছ, হালকা প্রকৌশল পণ্য এবং আইসিটি সেবা আমদানি বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলক সুলভ মূল্যে মানসম্মত তৈরি পোশাক ও ওষুধ উৎপাদন এবং রপ্তানি করে। সংশ্লিষ্ট দেশগুলোর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বাড়ানো এবং প্রয়োজনে ওষুধ নিবন্ধন প্রক্রিয়া সহজ করা প্রয়োজন।

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং আইসিটি, বস্ত্র, ওষুধ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি প্রকৌশল, নির্মাণ, আতিথেয়তা, স্বাস্থ্যসেবা, নার্সিং ও পরিবহন খাতে বাংলাদেশি পেশাজীবী ও দক্ষ কর্মী নিয়োগ বাড়াতে স্লোভেনিয়া ও এস্তোনিয়ার প্রতি আহ্বান জানান। গিনি ও ঘানাকে দক্ষ বাংলাদেশি কৃষক ও কৃষিবিজ্ঞানী নিয়োগের মাধ্যমে কৃষি খাতে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।

স্লোভেনিয়ার রাষ্ট্রদূত টমাস মেন্সিনের সঙ্গে আলোচনায় বাংলাদেশি শিক্ষার্থী, ব্যবসায়ী, পর্যটক ও গবেষকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। মধু উৎপাদন ও মৌমাছি সংরক্ষণে দুই দেশের যৌথ উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তিনি।

ঘানার হাইকমিশনার প্রফেসর কোয়াসি অবিরি-ডানসোর সঙ্গে আলোচনায় কৃষি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বস্ত্র খাতে উদ্ভাবনী উদ্যোগ কাজে লাগানোর কথা বলেন রাষ্ট্রপতি। এ সময় ঘানার প্রেসিডেন্ট জন ড্রামানি মহামাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

গিনির রাষ্ট্রদূত কন্তে আলাসানে দেশটির ‘সিমান্ডু ২০৪০’ উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতিও এ উদ্যোগ বাস্তবায়ন ও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন। বস্ত্র প্রক্রিয়াজাতকরণ, ডাইং ও প্রিন্টিং খাতে গিনিকে কারিগরি সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

অন্যদিকে, এস্তোনিয়ার রাষ্ট্রদূত ক্রিস্টি কারেলসনের সঙ্গে আলোচনায় দেশটির ডিজিটাল গভর্ন্যান্সের অগ্রগতির প্রশংসা করেন রাষ্ট্রপতি। আইসিটি, ডিজিটালাইজেশন, স্টার্টআপ ও ফিনটেক খাতে এস্তোনিয়ার অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে বাংলাদেশের আগ্রহের কথা জানান। একই সঙ্গে বাংলাদেশের আইসিটি, ওষুধ ও ডিজিটাল খাতে এস্তোনিয়াকে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

সাক্ষাৎ শেষে নবনিযুক্ত কূটনীতিকদের নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:ওষুধ দক্ষ কর্মী নিয়োগ পোশাক বঙ্গভবন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…