ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় ম্যাচে জয় তুলেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারায় লাল-সবুজের অনূর্ধ্ব-১৯ দল। জয়ে আসরের শেষ চারে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে বাংলাদেশের বয়সভিত্তিক দলটি। আসরের দুই গ্রুপের সেরা দুদল সরাসরি সেমিফাইনালে খেলবে। প্রথম দল হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমির টিকিট নিশ্চিত করল।
বাংলাদেশ প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে ছিল। ১৩ মিনিটে গোল করেন আলী মোর্শেদ এবং ২৮ মিনিটে গোল করেন সুমন সরণ। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠোকেন অধিনায়ক নাজমুল হুদা। ৩-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ১৬মে থেকে সেমিফাইনালের ম্যাচ শুরু হবে।
প্রথম ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ছন্দ হারায়। ২ গোল হজম করে ২-২ ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়ে নাজমুল হুদা ফয়সালদের।







