ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে তাদের মাঠে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শুক্রবার পৌঁছে দেশটিতে অনুশীলন চালিয়ে যাচ্ছে জামাল ভূঁইয়ার দল। সেখানকার সার্বিক পরিবেশ এবং আবহাওয়ায় মানিয়ে নিতে কষ্টই হচ্ছে তারিক কাজী-তপু বর্মণদের।
৫ ও ৮ তারিখের ম্যাচের জন্য সোমবার অনুশীলন করেছে বাংলাদেশ। পরে বাফুফের ভিডিওবার্তায় কথা বলেছেন অধিনায়ক জামাল। বলেছেন, ‘সকালে এখানে অনুশীলন করেছি। মাঠ অনেক ফাস্ট, সবার শ্বাস-প্রশ্বাসে একটু সমস্যা হচ্ছে। এটা ঠিক হতে আরও এক-দুইদিন সময় লাগবে। তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।’
‘ভুটানে এখন মৌসুমের মধ্যম পর্যায়ে, সুতরাং ওরা সবাই ফিট আছে। আমরা বিষয়টি নিয়ে ট্যাকটিক্যালভাবে আলোচনা করেছি, কীভাবে ওদের মোকাবেলা করা যায়। আমরা জানি এটা ভুটানের হোমগ্রাউন্ড, এজন্য আমাদের একটু বেশি খেয়াল রাখতে হবে।’







