প্রয়োজন ছাড়া ডলার না কিনতে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

ছবি: সংগৃহীত
বিদেশি মুদ্রার বাজারে ডলারের বিনিময় হার বাড়তে থাকায় প্রয়োজন ছাড়া ডলার না কিনতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি দায় পরিশোধ বা অন্য কোনো বৈদেশিক লেনদেনের প্রয়োজন না থাকলে রেমিট্যান্স হাউজ কিংবা খোলাবাজার থেকে ডলার কেনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। ডেপুটি গভর্নর সারোয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ডলারের বাজারে অস্থিরতা এবং বিনিময় হার বাড়ার কারণ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কিছু ব্যাংকের তাৎক্ষণিক বৈদেশিক দায় পরিশোধের চাপ না থাকলেও তারা বাজার থেকে ডলার কিনছে। এতে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে এবং প্রকৃত প্রয়োজন থাকা ব্যাংকগুলোকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে।
এ ছাড়া ব্যাংকগুলোকে তাদের সক্ষমতা ও প্রয়োজন বিবেচনায় আমদানি ঋণপত্র বা এলসি খোলার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে বৈদেশিক দায় পরিশোধের নির্ধারিত সময়ের আগেই ডলার সংগ্রহের পরিকল্পনা করতে বলা হয়েছে। একসঙ্গে একাধিক ব্যাংক বাজারে ডলার কিনতে গেলে বিনিময় হারের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে বলে বৈঠকে সতর্ক করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ডলারের দর বাড়ানোর চেষ্টার অভিযোগ রয়েছে। বিদেশি মুদ্রার বাজারে কোনো অনিয়ম হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করছে কেন্দ্রীয় ব্যাংক। কোনো ব্যাংক বা ব্যক্তি কৃত্রিম চাহিদা তৈরি করে ডলারের বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ডলারের বিনিময় হার নিয়ন্ত্রণে বাজারে সরাসরি হস্তক্ষেপের পরিকল্পনা নেই কেন্দ্রীয় ব্যাংকের। তবে বাজারে কোনো ধরনের অনিয়ম হলে তা মোকাবিলা করা হবে।
এদিকে কিছুদিন স্থিতিশীল থাকার পর সম্প্রতি আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। গত সপ্তাহে কয়েকটি বাণিজ্যিক ব্যাংক রেমিট্যান্স হাউজ থেকে প্রতি ডলার ১২৫ টাকা ১০ পয়সা থেকে ১২৫ টাকা ১৫ পয়সা দরে কিনেছে। এর পরদিন বাংলাদেশ ব্যাংক নিলামের মাধ্যমে প্রায় ২০ কোটি ডলার বিক্রি করলে বিনিময় হার আবার ১২৫ টাকার নিচে নেমে আসে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত প্রায় এক মাসে ডলারের বাজার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক চার দফায় রিজার্ভ থেকে ৪৬ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে। সর্বশেষ ১২ নভেম্বর ২০ কোটি ডলার বিক্রি করা হয়। ওই দিন প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল ১২৪ টাকা ৮৫ পয়সা।
অন্যদিকে, ডলারের দাম বাড়লে আমদানি ব্যয় বৃদ্ধি পায়, যার প্রভাব পড়তে পারে নিত্যপণ্যের দাম ও সামগ্রিক মূল্যস্ফীতিতে। এ পরিস্থিতিতে বৈদেশিক মুদ্রার বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ব্যাংকগুলোর সহযোগিতা চেয়েছে বাংলাদেশ ব্যাংক।





