ক্রিকেট

বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজ থেকে ‘সবকিছু’ পেয়েছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং করছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজের প্রস্তুতি।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ব্যাটিং অনুশীলন করছেন, বিশ্বকাপের আগে বাংলাদেশ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে গড়াতে চলেছে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ। আসর নজরে রেখেই বাংলাদেশের সঙ্গে তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। দুই সিরিজেই টাইগ্রেসদের হোয়াইটওয়াশ করে দাপট দেখিয়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। বাংলাদেশের বিপক্ষে এমন একটি সিরিজ শেষে তৃপ্তির ঢেঁকুর তুলেছে অজি অধিনায়ক অ্যালিসা হিলি। বিশ্বকাপের আগে যেমনটা চাওয়ার ছিল তার সবকিছুই তিনি পেয়েছেন বলে জানিয়েছেন।

শেষ টি-টুয়েন্টিতে বাংলাদেশকে খানিকটা বেশিই হতাশ করেছে অস্ট্রেলিয়া। ১৫৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৭৮ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল। তাতে ৭৭ রানে জয় পায় সফরকারী দলটি। এছাড়া ওয়ানডে ও টি-টুয়েন্টি মিলিয়ে সিরিজের ছয় ম্যাচের চারটিতেই ১০০ রানের আগে বাংলাদেশকে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া।

৩৪ বর্ষী উইকেটরক্ষক ব্যাটার অ্যালিসা বলেছেন, ‘দলের প্রত্যেকেই কিছু না কিছু নিয়ে বাড়ি ফিরছে। সেপ্টেম্বরে যখন আবারও এখানে ফিরব এই জিনিস গুলো খুবই গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিটি ম্যাচের ফলাফল আমাদের দিকেই এসেছে। আমি মনে করি এই সিরিজ থেকে সেপ্টেম্বর-অক্টোবরের জন্য সম্ভাব্য সবকিছুই পেয়েছি।’

দীর্ঘমেয়াদী চোট কাটিয়ে দলে ফিরেছেন টেলা ভ্লেমিঙ্ক ও সোফি মোলিনাক্স। শেষ টি-টুয়েন্টিতে ১২ রানে ক্যারিয়ার সেরা ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভ্লেমিঙ্ক। পাশাপাশি ছয় উইকেট নিয়ে টি-টুয়েন্টিতে সিরিজ সেরাও হন মোলিনাক্স। বাংলাদেশের মাটিতে সফল দুই ক্রিকেটার বিশ্বকাপের স্কোয়াডেও থাকবেন বলে আশা করছেন অজি অধিনায়ক।

‘টেলার মতো কাউকে দলে পাওয়াটা অবশ্যই দারুণ, বিশ্ব ক্রিকেটে সে ভিন্নতার একটি বাস্তব বিন্দু, সে দুর্দান্ত গতিতে বল করে এবং সোফি মোলিনাক্সের ধারাবাহিকতা অসামান্য। তারা দুজনেই আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

বিশ্বকাপের সময়টাতে বাংলাদেশের কন্ডিশন নিয়ে তিনি বলেছেন, ‘আমরা শুনেছি সেপ্টেম্বর-অক্টোবরে এখানে আরও বেশি গরম থাকবে। আমাদের আসলে ওই সময়টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে তখনই বুজতে পারব আমাদের জন্য এটি কতটা সহনীয় হবে। তবে আইসিসি ইভেন্ট হওয়ায় স্বাভাবিকভাবেই আমি মনে করি উইকেট সত্যিই ভালো হবে। শুরুতে ভালো পাবো বলেই আশা করি, পরে হয়তো পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ক্লান্ত হলেও হতে পারি।’

বিষয়:অ্যালিসা হিলি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…