ক্রিকেট

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিসিবি-বাফুফে সভাপতি

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালেন বিসিবি-বাফুফে সভাপতি
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার মন্ত্রণালয় ও দপ্তর ভাগ করে দায়িত্ব দেয়া হয়েছে বিভিন্ন সংসদ সদস্যদের। বিএনপির নবগঠিত সরকারে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও দেশের একসময়কার সেরা গোলকিপার আমিনুল হক।

আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সদ্যগত নির্বাচনে ঢাকা-১৬ সংসদীয় আসন থেকে নির্বাচন করেছিলেন আমিনুল হক। তবে প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীর কাছে পরাজিত হন।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ায় আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বিসিবি। বিবৃতিতে জানিয়েছে, ক্রীড়াক্ষেত্রে আমিনুল হকের নেতৃত্ব দেশজুড়ে সমর্থক এবং তরুণ ক্রীড়াবিদদের একটি প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তার এ পদে দায়িত্ব পাওয়া ক্রীড়া জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।

আমিনুল হককে অভিনন্দন জানিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বের নিয়োগ বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। গর্বের সাথে জাতীয় ফুটবল দলকে নেতৃত্ব দেয়ার পর তিনি সরাসরি ক্রীড়াবিদদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং আকাঙ্ক্ষা বোঝেন। আমি আত্মবিশ্বাসী যে, একজন ক্রীড়াবিদ হিসেবে তার অভিজ্ঞতা বিভিন্ন বিভাগে ক্রীড়ার উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।’

অন্যদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন অভিনন্দন বার্তায় লিখেছে, আমিনুল হক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন অভিনন্দন জানাচ্ছে।

ফেডারেশন সভাপতি তাবিথ আউয়াল অভিনন্দন জানিয়ে বিবৃতিতে বলেছেন, ‘বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে আপনাকে আন্তরিক ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দন জ্ঞাপন করছি। আপনার নিষ্ঠা, অসামান্য কর্মদক্ষতা ও নেতৃত্বগুণের মাধ্যমে ক্রীড়াক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সফল হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

আমিনুল হক ঢাকার-১৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেনের বিপক্ষে ৩,৩৬১ ভোটে হারেন। ২০০৩ সালে মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ ইতিহাসে প্রথম সাফ চ্যাম্পিয়ন হয়, সেই দলের গোলরক্ষক আমিনুল, ৮৫,৪৬৭ ভোট পেয়েছেন। ২০১০ এসএ গেমসে সোনাজয়ী বাংলাদেশের অধিনায়ক তিনি।

বিষয়:আমিনুল ক্রীড়া প্রতিমন্ত্রী বাফুফে বাংলাদেশ বিএনপি বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…