৩০৪ করেও জিততে পারেনি বাংলাদেশ-আফগানিস্তান, সুপার ওভারে ফলাফল
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতেছে বাংলাদেশ যুব দল। ৩০৪ রান করেও বাংলাদেশকে হারাতে পারেনি আফগান যুবারা। তবে সুপার ওভারে ম্যাচ জিতে সিরিজ জয়ের কাছাকাছি ফরিদ হাসানের বাংলাদেশ। তৃতীয় ম্যাচ জিততে পারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে লাল সবুজের প্রতিনিধিরা।
ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে আফগানরা। জবাব দিতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৪ রান তুললে ম্যাচ ড্র হয়। পরে সুপার ওভারে ম্যাচ নিজেদের করে নেয় বাংলাদেশ।
প্রথমে ব্যাট করা আফগান যুবাদের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করেন নোমান সালজারি। তার ৯০ বলের ইনিংসে পাঁচটি চার ও দুটি ছক্কার মার ছিল। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন ওপেনার ফরিদুল্লাহ এহসাস। এছাড়া ৪৩ রান আসে তাহির সারওয়ারির থেকে।
বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট নেন রুবাই ইসলাম রিজন। ২টি উইকেট নেন এসকে জারিফ সিয়াম এবং একটি করে উইকেট নেন আল আমিন হোসেন ও শাকিল খান।
বড় রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার আবদুল্লাহ আল মুহি ও জারিফ সিয়াম। মুহি ৭০ রান করে আউট হওয়ার আগে ২২ রান করে আউট হন সিয়াম। বাংলাদেশের ইনিংসে তিন ফিফটির পাশাপাশি ব্যাট হাতেও অপরাজিত থাকেন রুবাই।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন আল আমিন হোসেন। ৫৬ রান করেন আহসান আল মুনিম এবং ৫০ রান আসে মুহির ব্যাট থেকে। বল হাতে ৪ উইকেট নেয়ার পর রুবাই ইসলাম ব্যাট হাতে ৩৩ রানে অপরাজিত থাকেন।
আফগানদের বোলারদের মধ্যে নূর আলী নিয়াজি সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া সোহায়েল খান ও লুৎফুল্লাহ মোহাম্মাদি দুটি করে উইকেট নেন।






