ক্রিকেট

শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের, লিড তিনশ পেরিয়ে

শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ বাংলাদেশের, লিড তিনশ পেরিয়ে

আবুধাবি টেস্টের তৃতীয় দিনটা বাংলাদেশের অনুকূলেই ছিল। হাসান মাহমুদের হ্যাটট্রিকসহ পাঁচ শিকারে আফগানদের দিনের শুরুতেই গুটিয়ে দেয় বাংলাদেশ। এরপর ব্যাটে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ১৫৯ রানের জুটিতে ভালোই কেটেছিল। তবে শেষ বিকেলে তিন ব্যাটারকে হারায়। তবে তিনশর বেশি লিড পেয়ে ছুটছে টিম টাইগার্স।

শুক্রবার জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। প্রথম ইনিংসে ৯২.৩ ওভারে ৩৪৬ রান করে অলআউট হয় বাংলাদেশ। জবাবে নেমে ৮৯.১ ওভারে ২৪০ রানে থামে আফগানিস্তান। ১০৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ৭২ ওভারে ৬ উইকেটে ২২৩ রান করেছে বাংলাদেশ। সবমিলিয়ে টাইগারদের লিড দাঁড়িয়েছে ৩২৯ রানে। লিটন দাস ১ রানে এবং মেহেদী হাসান মিরাজ শূন্যতে সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

শতাধিক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৩১ রানে সাদমান ইসলাম আউট হন। ১৩ রান করেন। ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। মুমিনুল হক আউট হন ৭ রান করে। ৫৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তানজিদ আউট হন ৩১ রান করে।

সেখান থেকে হাল ধরেন শান্ত ও মুশফিক। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১৫৯ রান। দিনের শেষ দিকে ৬৫.২ ওভারে ২১২ রানে মুশফিক আউট হলে জুটি ভাঙে। ৯ চারে ১৪৮ বলে ৮১ রান করেন।

জুটি ভাঙার পর ছন্দ পতন হয় বাংলাদেশের। ৭০.৫ ওভারে শান্ত ফেরেন। ৫ চারে ১৯১ বলে ৮২ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ৭১.৫ ওভারে আউট হন নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদ। খালি হাতে ফেরেন।

আফগানদের হয়ে দ্বিতীয় ইনিংসে দুটি করে উইকেট নেন ইয়ামিন আহমদজাই ও জিয়া-উর-রহমান।

৪ উইকেটে ২১১ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল আফগানিস্তান। রহমত শাহ ৮৪ রানে এবং ইকরাম আলি খিল ২৬ রানে ব্যাটে নামেন। দিনের শুরুতেই ইকরামকে প্যাভিলিয়নের পথ ধরান ইবাদত হোসেন। ৩২ রানে ফেরেন।

এরপর হাসান মাহমুদ ঝলক। ৮৩তম ওভারে হ্যাটট্রিক আদায় করে নেন। তৃতীয় বলে ইসমাত আলম, চতুর্থ বলে কাইস আহমেদ এবং পঞ্চম বলে জিয়া-উর-রহমানকে ফেরান টাইগার পেসার। ২২০ রানে ৮ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা। তৃতীয় বাংলাদেশি বোলার এবং প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করেন হাসান। তার আগে হ্যাটট্রিক করেন অলক কপালি ও সোহাগ গাজী। দুজনেই ছিলেন স্পিনার।

সেই চাপ কাটিয়ে তোলার আর সুযোগ মেলেনি তাদের। ৮৬.৪ ওভারে ইয়ামিন আহমেদ জাইকে আউট করে ফাইফার পূর্ণ করেন হাসান। এরপর দলীয় ২৪০ রানে মোহাম্মদ সালেমকে আউট করে আফগানদের গুটিয়ে দেন ইবাদত।

একপ্রান্ত আগলে রাখা রহমত শাহ ১০ চার ও ২ ছক্কায় ২১৬ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। বাকিদের মধ্যে আব্দুল মালিক ৬২, শহিদউল্লাহ ২০ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে হাসান ৫ উইকেট নেন। ইবাদত নেন ৪ উইকেট। এছাড়া মিরাজ নেন একটি।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন তানজিদ তামিম। ৭১ বলে ৮৩ রান করেন। সাদমান ইসলাম ৬৭, লিটন দাস ৫৩, মুমিনুল হক ৩৯, নাঈম হাসান ৩৫*, শান্ত ২৯ এবং মিরাজ ২৪ রান করেন।

আফগান বোলারদের হয়ে মোহাম্মদ সালেম ৪ উইকেট নেন। ইয়ামিন আহমদজাই ৩টি ও ইসমাত আলম নেন দুটি উইকেট। এছাড়া কাইস আহমেদ নেন একটি উইকেট।

বিষয়:আফগানিস্তান আবুধাবি টেস্ট বাংলাদেশ মুশফিক শান্ত হাসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…