টাঙ্গাইলে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখার ৩ ঘণ্টা পর টোল আদায় শুরু করেছে সেতু কর্তৃপক্ষ।
টোল আদায় বন্ধ রাখায় মহাসড়কে অন্তত ১৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টা দিকে সেতুতে টোল আদায় শুরু হলে যানবাহন চলাচল শুরু হয়।
রবিবার (১৮ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বন্ধ রাখা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব হতে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত পরিবহনের যানজটের তৈরি হয়।
বঙ্গবন্ধু সেতু ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রবিবার ভোররাত থেকে ঘনকুয়াশার পরিমান বেড়ে যায়। এতে দৃষ্টিসীমা ৪০ মিটারের কম হওয়ায় সেতুতে দূর্ঘটনা এড়াতে উভয়পাড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে কোন দূর্ঘটনা হয়নি।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী বলেন, ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না। এতে সেতুতে দূর্ঘটনা এড়াতে প্রায় তিন ঘণ্টা টোল আদায় বন্ধ রাখা হয়। বর্তমানে কুয়াশার পরিমাণ কমে যাওয়ায় টোল আদায় শুরু হয়েছে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে টোল আদায় বন্ধ থাকায় মহাসড়কে পরিবহনের দীর্ঘসারির সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৭টা পর টোল আদায় শুরু হওয়ায় পরিবহন চলাচল শুরু হয়েছে।







