ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশের নারী ফুটবলাররা এখন ‘টক অব দ্য কান্ট্রি’। নেপাল থেকে ট্রফি হাতে বুধবার দুপুরে দেশে পা রাখেন তারা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে মেয়েকে নিয়ে রাস্তায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
তাকে দেখা যায় বিমানবন্দর এলাকার একটি ফুটওভার ব্রিজের ওপর। ছাদখোলা বাসে মেয়েরা রাজপথ ধরে শিরোপা হাতে নিয়ে যাবে সেটা বাঁধন অবলোকন করতেই তিনি সকাল থেকে অপেক্ষায় ছিলেন।
বিমানবন্দর সংলগ্ন ওভারব্রিজে উঠে বাঁধন সেখান থেকে ইনস্টাগ্রাম লাইভে এসে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।
মেয়েদের শিরোপা জয়ের বিষয়ে বেশ উত্তেজিত ছিলেন বাঁধন। ইনস্টাগ্রামের ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমি আগে থেকেই বিষয়টি নিয়ে এক্সাইটেড। ওদের সবকিছুই আমি দেখছিলাম, শেয়ার করছিলাম। মনে হচ্ছে, ওদের করা গোলগুলোও আমি দিচ্ছিলাম।
অন্য একটি ভিডিওতে বাঁধন বলেন, ‘বিমানবন্দরে আসবো এটা পরিকল্পনা করেছিলাম। কিন্তু এসে কোথায় দাঁড়াবো বুঝতে পারছিলাম না। সাংবাদিক ও পুলিশ ভাইদের ধন্যবাদ, তারা আমাকে ফুটওভার ব্রিজে দাঁড়ানোর জায়গা করে দিয়েছে। এখান থেকে আমাদের মেয়েদের খুব কাছ থেকে দেখতে পারবো।’
ছাদ খোলা বাসে মেয়েদের হাতে শিরোপা- এই মুহূর্তটি দেখার অভিজ্ঞতা জানিয়ে বাঁধন পরবর্তীতে গণমাধ্যমকে বলেন, আমরা দেড়টা থেকে চারটা পর্যন্ত ব্রিজের ওপর দাঁড়িয়ে ছিলাম। ওরা যখন ওই ব্রিজ অতিক্রম করছিল তখন আমি আনন্দে চিৎকার করছিলাম, এতো জোরে জোরে চিৎকার করছিলাম যে মেয়ে বলছিল আমার কান ফেটে যাচ্ছে। আমার মেয়েও আনন্দ পেয়েছে। ওদের এই অর্জন অনেক মেয়েকে সাহস যোগাবে, স্বপ্ন দেখাবে- এটা আমার কাছে বড় প্রাপ্তি।







