মেসির বিদায়ী সংবর্ধনা নিয়ে বার্সেলোনায় উত্তেজনা, যা বললেন গ্যাসপার্ট

কোনো প্রকার আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা ছাড়াই বার্সেলোনা থেকে বিদায় নিয়েছিলেন লিওনেল মেসি। এরপর কেটে গেছে কয়েক বছর। কিংবদন্তি বিদায়ী সংবর্ধনা আয়োজনে আর দেরি না করার আহবান জানিয়েছেন ক্লাবটির সাবেক সভাপতি হুয়ান গ্যাসপার্ট।
২০২১ সালে ক্লাব ছাড়ার পর থেকে মেসি ও বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তার মধ্যকার সম্পর্ক কিছুটা শিথিল। সেই বিষয়টি এবং ক্লাব পরিচালনা পর্ষদের রাজনৈতিক সমীকরণের ওপর বিদায়ী অনুষ্ঠানকে শর্তযুক্ত না করতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আহবান জানিয়েছেন তিনি। তার মতে, কাতালান ক্লাবটি যেকোনো একক ব্যক্তির চেয়ে সবসময় বড়।
সম্প্রতি একটি পডকাস্টে এমন জানান ৮২ বর্ষী গ্যাসপার্ট। বলেছেন, ‘লিও বিশ্বসেরা ফুটবলার হওয়া সত্ত্বেও বার্সার অবদানের কথা তার কখনোই ভুলে যাওয়া উচিত নয়।’
১৩ বছর বয়সে মেসিকে বার্সেলোনায় নিয়ে আসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকা এই প্রবীণ কর্মকর্তা বলেছেন, ‘ক্লাবের নেতৃত্বে পরিবর্তনের অপেক্ষায় থেকে মেসি যদি বিদায়ী সংবর্ধনা এড়াতে চান বা বর্তমান সভাপতির উপস্থিতির ওপর শর্ত আরোপ করেন, তবে আমি সেই সম্মাননা অনুষ্ঠান বর্জন করবো।’
ব্যক্তি পরিচয় যাই হোক না কেন, ক্লাবের প্রতি সম্মান জানিয়ে সমর্থকদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে মেসিকে অবশ্যই বার্সায় ফিরে আসার তাগিদ দিয়েছেন তিনি।
সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনার জার্সিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ৩৯ বর্ষী মহাতারকা। বর্তমানে ইন্টার মিয়ামির হয়ে নিজের ক্লাব ক্যারিয়ারের বাকি সময় পার করছেন। এদিকে বার্সেলোনা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে অপেক্ষমান বিদায় সংবর্ধনা আয়োজন করতে।






