অ্যাভাটারকে টপকে সর্বকালের সর্বোচ্চ আয় যে ছবির

বিশ্বজুড়ে সর্বোচ্চ আয় করা সিনেমার রেকর্ড আবারও নিজের দখলে নিয়েছে মার্ভেলের জনপ্রিয় সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। ২০১৯ সালে মুক্তি পাওয়া সিনেমাটি সম্প্রতি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম- এনকোর’ নামে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির পর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ‘অ্যাভাটার’কে পেছনে ফেলে আবারও শীর্ষে উঠে এসেছে।
দ্বিতীয় সপ্তাহের প্রদর্শনী শেষে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ যুক্তরাষ্ট্রের বক্স অফিসে আরও ৪.৪ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজারে ১৪.৪ মিলিয়ন ডলার আয় করেছে। ফলে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২.৯২৫৫ বিলিয়ন ডলার।
অন্যদিকে, ‘অ্যাভাটার’-এর মোট আয় প্রায় ২.৯২৩৭ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে প্রায় ১৮ লাখ ডলারের ব্যবধানে ‘অ্যাভাটার’কে টপকে আবারও সর্বকালের সর্বোচ্চ আয় করা সিনেমার তালিকায় প্রথম স্থান দখল করল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
তবে এই দুই সিনেমার মধ্যে বক্স অফিসের শীর্ষস্থান নিয়ে লড়াই নতুন নয়। ২০০৯ সালে মুক্তির পর প্রায় এক দশক সর্বোচ্চ আয়ের সিনেমার রেকর্ড ধরে রেখেছিল জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’। ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ প্রথমবারের মতো সিনেমাটিকে পেছনে ফেলে শীর্ষে ওঠে। পরে ২০২১ সালে পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে ‘অ্যাভাটার’ আবারও রেকর্ডটি দখল করে নেয়।
এবার ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পুনঃমুক্তিই বদলে দিয়েছে সেই হিসাব। গত ২৫ সেপ্টেম্বর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম—এনকোর’ নামে সিনেমাটি আবারও প্রেক্ষাগৃহে আসে। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী প্রায় ৮৬ মিলিয়ন ডলার আয় করে এটি। এরপর দ্বিতীয় সপ্তাহের আয় যোগ হয়ে সিনেমাটির মোট আয় ছাড়িয়ে যায় ‘অ্যাভাটার’কে।
তবে শুধু বক্স অফিস রেকর্ড ফেরত পাওয়ার জন্যই সিনেমাটিকে প্রেক্ষাগৃহে আনা হয়নি। মার্ভেলের আসন্ন সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর আগে দর্শকদের জন্য বিশেষ এই পুনঃমুক্তি। মূল সিনেমার গল্পে বড় কোনো পরিবর্তন না থাকলেও ‘এনকোর’ সংস্করণে রয়েছে অতিরিক্ত চারটি এন্ড-ক্রেডিট দৃশ্য। এসব দৃশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর সঙ্গে সম্পর্কিত কিছু ফুটেজও রাখা হয়েছে।
আগামী ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর। সিনেমাটিতে থাকছে বিশাল তারকা সমাবেশ। নতুন চরিত্র ডক্টর ডুম হিসেবে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়রও।




