অবন্তিকার আত্মহত্যা: ২৪ ঘণ্টার মধ্যে ৬ দফা মানা না হলে আন্দোলনের হুমকি

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা মানুষজন অবন্তিকার আত্মহত্যা ও আন্দোলনের জন্য মানববন্ধন ও বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
শিক্ষক-সহপাঠীকে দায়ী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আন্দোলনের সময় শিক্ষার্থীরা ৬টি দাবি উত্থাপন করেন। তাদের এসব দাবি ২৪ ঘণ্টার মধ্যে মানা না হলে বৃহৎ আন্দোলনের ডাক এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবন ঘেরাও করার হুমকিও দেন তারা।
শনিবার ১৬ মার্চ বিকালে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ মিছিল হয়। এর আগে শুক্রবার রাতেও ক্যাম্পাসে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
শনিবারের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। সেসময় শিক্ষার্থীরা এই আত্মহত্যায় অভিযুক্তদের বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের একজন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের রেদোয়ান হক বলেন, আজকের বিক্ষোভ থেকে আমরা ছয় দফা দাবি জানাচ্ছি। আমাদের প্রথম দাবি হলো, এ হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। এছাড়া অভিযুক্ত আম্মান ও দীন ইসলামকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। জরুরি ভিত্তিতে সিন্ডিকেটের মাধ্যমে তাদের স্হায়ী বহিষ্কার করতে হবে। ভিক্টিমের পরিবারের নিরাপত্তা জোরদার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী সেলকে স্বাধীন করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাদী হয়ে মামলা করতে হবে।
বিক্ষোভ সমাবেশে আরেক শিক্ষার্থী বলেন, অবন্তিকা যৌন নির্যাতনের শিকার হয়ে প্রাণটাই দিয়ে দিলো। নিজে আত্মহত্যার বিরোধী ছিল তবুও বিচার না পেয়ে সেই পথেই সে পা বাড়িয়েছে। তৎকালীন প্রক্টরের কাছে বারবার যেয়েও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত এই কাজ করতে বাধ্য হয়েছে সে। আমরা দ্রুত এর বিচার চাই।
গত শুক্রবার রাতে ফাইরুজ অবন্তিকা নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী কুমিল্লায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে এক ফেসবুক পোস্টে নিজের মৃত্যুর জন্য নিজের সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করেন তিনি। এরপরই ঘটনার বিচার চেয়ে আন্দোলনে নামেন জবি শিক্ষার্থীরা।






