নিউজিল্যান্ডের বিপক্ষের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার দলে ফিরেছেন ডানহাতি পেসার মাইকেল নেসের। কিউইদের কন্ডিশন বিবেচনায় এই পেস অলরাউন্ডারকে দলে রাখা হয়েছে। এ সিরিজে রিজার্ভ হিসেবে দলে থাকছেন ২৭ বর্ষী বাঁহাতি ব্যাটার ম্যাট রেনশ।
সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার দলে ছিলেন নেসের। গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্কোয়াডে তার নাম ছিল। ৩৩ বর্ষী পেসার সবশেষ দুই টেস্ট ২০২১-২২ মৌসুমে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন। শেফিল্ড শিল্ডে চলতি মৌসুমে তেমন পারফরম্যান্স করতে পারেননি। বল হাতে ৫০.৩৩ গড়ে মাত্র ৯ উইকেট শিকার করেছিলেন। তবে নিউজিল্যান্ডের জন্য আদর্শ বোলার হিসেবে দলে জায়গা পেয়েছেন।
অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, ‘মাইকেল নেসের আবারো দলে সুযোগ পাওয়ায় বেশ ভালো লাগছে। দীর্ঘদিন ধরে নেসের ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছে।’
নিজেদের পেস আক্রমণ নিয়ে সাবেক এ অধিনায়ক বলেছেন, ‘আমরা একজন ভিন্ন ধরণের পেসার খুঁজছি। এ সফরের সুবিধা হল এটি বড় ভ্রমণ নয়। সবাই যদি তাদের দায়িত্বে ঠিকঠাক ভূমিকা রাখতে পারে, এটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হবে না।’
ঘরের মাটিতে নিউজিল্যান্ড বেশ কঠিন দল এবং ধারাবাহিক পারফরম্যান্স করে জানিয়ে বেইলির ভাষ্য, ‘আমরা জানি প্রতিটি টেস্ট ম্যাচ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট যোগ করে এবং আমরা শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে খেলতে যাচ্ছি। তারা ঘরের মাঠে শক্তিশালী এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিক।’







