শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। লাল-সবুজের দলের শুরুর একাদশে অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখা হয়নি।
ডিফেন্ডার তপু বর্মণের কাঁধে উঠেছে নেতৃত্বভার। চোটের কারণে ফিলিস্তিনের সঙ্গে স্কোয়াডে না থাকা ডিফেন্ডার তারেক কাজী নেমেছেন। ফিটনেস ফিরে পাওয়া ফরোয়ার্ড শেখ মোরসালিন শুরুর একাদশে আছেন। রক্ষণ সামলাতে লম্বা সময় পর সাদ উদ্দিনকে দেখা যাবে।
পাঁচ ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে দল সাজিয়েছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। পোস্টের সামনে মিতুল মারমার উপরেই ভরসা রাখা হয়েছে।
বিকেল ৪টা ৪৫ মিনিটে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু খেলা। টি-স্পোর্টস টিভি পর্দায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। চ্যানেলটির অ্যাপের মাধ্যমেও সরাসরি খেলা দেখা যাবে। সেক্ষেত্রে দর্শকদের করতে হবে সাবস্ক্রিপশন।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: মিতুল মারমা।
ডিফেন্ডার: তপু বর্মণ (অধিনায়ক), তারেক কাজী, ঈসা ফয়সাল, মেহেদী হাসান, সাদ উদ্দিন।
মিডফিল্ডার: মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়।
ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন।







