ক্রিকেট

এলিনের সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বিসিবি একাদশের

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুতি ম্যাচ

এলিনের সেঞ্চুরিতে উইন্ডিজের বিপক্ষে বড় সংগ্রহ বিসিবি একাদশের

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ। প্রথম দিন আগে ব্যাট করতে নেমে দারুণ সংগ্রহ গড়েছে বিসিবি একাদশ। সেঞ্চুরি তুলে নিয়েছেন টপঅর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি এলিন। প্রথম দিনে ৩৭১ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে বাংলাদেশ।

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় পাঁচ রান সংগ্রহের পর আউট হন ওপেনার মাহফিজুল ইসলাম। তবে অপর ওপেনার জিশান আলম অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন, আউট হন ৮৬ রানে।

এরপর দলের হাল ধরেন এলিন, তুলে নেন সেঞ্চুরি। তার ১৩৫ রানের ইনিংসে ২০টি চার এবং একটি ছক্কার মার ছিল। আউট হওয়ার আগে খেলেছেন ১৮৪ বল। এলিনের সেঞ্চুরির পর ৩০ রান করে আউট হন অধিনায়ক জাকের আলী অনিক।

বাংলাদেশের আরেক ব্যাটার চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ফিফটি করেছেন। তিনি ৫৯ রান করতে খেলেছেন ১০৬ বল যার মধ্যে সাতটি চার ও একটি ছক্কার মার ছিল। এছাড়া ৩৫ রানে অপরাজিত আছেন শামিম হোসেন। দ্বিতীয় দিন আব্দুল হালিমকে নিয়ে ব্যাট করতে নামবেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জশুয়া বিশপ ও কেভাম হজ। একটি করে উইকেট নিয়েছেন জেডান সিলস ও কেভিন উইকহ্যাম।

বিষয়:এলিন ওয়েস্ট ইন্ডিজ কেভাম বাংলাদেশ বিশপ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…