নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, হিরো আলমের ওপর হামলা দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আজ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন ভবনে এই কথা বলেন।
তিনি বলেন, ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। প্রতিটি কেন্দ্রেই সুস্থভাবে ভোট হয়েছে। এছাড়াও ৭টি পৌরসভায় নির্বাচন হয়েছে। ১২ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে। কার্ড ছাড়া ইউটিউবারদের ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন করা দুঃখজনক। তবে তিনি প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ইসি জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। ইসি কোনো গোয়েন্দা সংস্থার কথায় চলে না।







