ভারতে সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ, ঝুঁকিতে লাখ লাখ মুসলিম

ছবি: সংগৃহীত
ভারতের সংশোধিত ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর দেশটির কয়েকজন মুসলিম নাগরিক আটক, জিজ্ঞাসাবাদ ও দেশান্তরের মুখে পড়েছেন। তাদের কারও কারও পরিবারের সদস্যদের নাম ভোটার তালিকায় থাকলেও নিজেদের নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এমন বাদ পড়েছেন কয়েক কোটি মুসলমান।
সোমবার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ১৯ জুলাই মুম্বাইয়ে নিজের বাসা থেকে সবজি কিনতে বের হয়েছিলেন ৩৮ বছর বয়সী সাহিদা ফকির। ছেলেকে কয়েক মিনিটের মধ্যে ফিরে আসার কথা বললেও তিন মাসের বেশি সময় পেরিয়ে গেছে, তিনি আর বাড়ি ফেরেননি। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরার একটি গ্রামে স্বামী ও দুই সন্তান থেকে বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটছে তার।
সাহিদার দাবি, সাদা পোশাকে থাকা কয়েকজন কর্মকর্তা তাকে আটক করে সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যান। ওই ফোনে তার পরিচয়সংক্রান্ত নথির কপি ছিল। পরে তাকে জোর করে বাংলাদেশে পাঠানো হয়। আদালতের নথিতে দেখা গেছে, এ অভিযানে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সদস্যরা জড়িত ছিলেন।
রয়টার্সের সঙ্গে কথা বলা ১০টি পরিবারের সদস্যদের অভিজ্ঞতাতেও একই ধরনের ঘটনা উঠে এসেছে। তাদের স্বজনদের ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক, দেশান্তর কিংবা নাগরিকত্ব নিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।
ভারতে ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়ায় দেশজুড়ে প্রায় ১৩ কোটি নাম বাদ দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এই বাদ পড়াদের মধ্যে মুসলিমদের অনুপাত তুলনামূলক বেশি। ভারতের সবচেয়ে বড় সংখ্যালঘু এই জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অধিকার সংকোচনের অভিযোগ করে আসছে।
পশ্চিমবঙ্গে প্রায় ৯০ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়। কলকাতাভিত্তিক সাবির ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, বিস্তারিত যাচাইয়ের পর বাদ পড়া ২৭ লাখ নামের প্রায় ৭০ শতাংশই মুসলিমদের। অথচ রাজ্যটির মোট জনসংখ্যার ২৭ শতাংশ মুসলিম।
ভোটার তালিকা সংশোধন ও বিতাড়ন অভিযানের মধ্যে যোগসূত্রের কথা প্রকাশ্যেই তুলে ধরেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গত ৫ নভেম্বর উত্তরাঞ্চলীয় রাজ্য হরিয়ানায় নির্বাচনী সমাবেশে তিনি বলেন, বিজেপির অঙ্গীকার হলো,‘অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া এবং একে একে তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে।
এদিকে সাহিদার পরিবার ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছে, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মানেই কেউ বিদেশি নাগরিক নন। তার পরিবারের নথি অনুযায়ী, বাবা-মা ও দাদা-দাদির নাম ১৯৫২ সাল থেকেই ভারতের ভোটার তালিকায় রয়েছে।
সাহিদার মতোই পশ্চিমবঙ্গের বাসিন্দা নাসিরউদ্দিন শেখও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর আটক হন। তার দাবি, পুলিশ তাকে বাংলাদেশি বলে আটক করেছিল। পরে ৩২ দিন কারাগারে থাকার পর মুক্তি পান তিনি।
মানবাধিকারকর্মীরা বলছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিরুদ্ধে লাখ লাখ আবেদন বিচারাধীন থাকলেও ট্রাইব্যুনালগুলোতে শুনানি অত্যন্ত ধীরগতিতে চলছে। ফলে অনেক মানুষ নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা ও হয়রানির মধ্যে দিন কাটাচ্ছেন।






