যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে একটি মসজিদ ও ইসলামিক স্কুল কমপ্লেক্সে বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, হামলার পর দুই বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, এই ঘটনায় হামলাকারী দুই তরুণও আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের বয়স ১৭ ও ১৯ বছর বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
সান ডিয়েগো পুলিশ প্রধান স্কট ওয়াহল জানান, ইসলামিক সেন্টারের অবস্থান বিবেচনায় আমরা এটিকে আপাতত ঘৃণাজনিত অপরাধ হিসেবে দেখছি, যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের একজন ইসলামিক সেন্টারের নিরাপত্তারক্ষী ছিলেন। হামলায় নিহত তিনজনই প্রাপ্তবয়স্ক। ইসলামিক স্কুলের কোনো শিশু শারীরিকভাবে আহত হয়নি বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর সান ডিয়েগো পুলিশ বিভাগ প্রথমে সক্রিয় বন্দুকধারীর উপস্থিতির সতর্কতা জারি করলেও পরে জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।







