চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে উড়তে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ হোঁচট খেল কোপা ডেল রের ফাইনালে। গোলরক্ষকের দুর্দান্ত পারফরম্যান্সে টাইব্রেকারে অ্যাটলেটিকোর বিপক্ষে জিতেছে রিয়াল সোসিয়েদাদ। ৬ বছর পর শিরোপার সাদ পেল ক্লাবটি।
শনিবার রাতে সেভিয়ার এস্তাদিও লা কার্তুজা স্টেডিয়ামে ম্যাচের প্রথম মিনিটেই আন্ডার ব্যারেনেটক্সিয়ার গোলে লিড পায় সোসিয়েদাদ। ১৮ মিনিটে আডেমলা লুকমানের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো। ৪৫ মিনিট শেষে যোগ করা সময় পেনাল্টি পায় সোসিয়েদাদ, দলকে এগিয়ে দেন মাইকেল ওয়েরজাবাল। ৮৩ মিনিটে আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী জুলিয়ান আলভারেজের গোলে আবারও সমতায় ফেরে ডিয়েগো সিমিওনের শিষ্যরা।
ম্যাচের নির্ধারিত সময় ২-২ গোলে শেষ হলে অতিরক্ত সময়ে খেলা গড়ায়, সেখানে কোন দল জালের দেখা পায়নি। পরে টাইব্রেকারে যায় ম্যাচ। অ্যাটলেটিকোর প্রথম দুটি শট ঠেকিয়ে দেন সোসিয়েদাদ গোলরক্ষক উনাই মারেরো। শেষ টাইব্রেকারে পাবলো মারিনে গোল করলে, ৪-৩ ব্যবধানের জয় নিয়ে নিজেদের তৃতীয় শিরোপা পায় সোসিয়েদাদ।








