সুদানে সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন নিহত

সুদানে সেনাবাহিনীর গোলাবর্ষণে ধোঁয়া ও অগ্নিকাণ্ডের দৃশ্য, শহরের আকাশে কালো ধোঁয়া উড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সেনাবাহিনীর আকস্মিক গোলাবর্ষণে নর্থ আফ্রিকার দেশ সুদানে অন্তত ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়াও এই হামলার ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।
সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সুদানের পশ্চিম ওমদুরমানের ওম্বাদা এলাকায় দেশটির সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ৩২ জন বেসামরিক লোক নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাজধানী খার্তুমসহ অন্যান্য শহরে শত শত বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন।
সুদানের আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) খার্তুম, ওমদুরমান ও খার্তুম নর্থ শহরগুলোর বেশিরভাগ অংশই দখল করে রেখেছে। তবে সুদানের সেনাবাহিনীর কাছে ভারী কামান, উড়োজাহাজসহ নানা ধরণের অস্ত্র থাকায় তারাও বিভিন্ন অঞ্চলের দখল নিতে চাইছে।
সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিল গতকাল বুধবার রাতে সুদানের সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান দেশটির আধা-সামরিক আরএসএফ বাহিনীকে বিলুপ্ত করার আদেশ দিয়ে একটি সাংবিধানিক ডিক্রি জারি করেছেন। তবে এরপর আরএসএফ-এর কাছ থেকে কোন তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চলতি বছর ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর সংঘর্ষের সৃষ্টি হয়। এই সংঘর্ষে এখন পর্যন্ত ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। বর্তমানে দেশটির রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আধা-সামরিক আরএসএফের সেনাদের দখলে। এই কারণেই তাদেরকে সরানোর জন্য সেখানে হামলা চালায় সুদানের সেনাবাহিনী।






