আন্তর্জাতিক

বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

বাঘের খাঁচায় ঢুকে প্রাণ গেল এক ব্যক্তির

ইংল্যান্ডের উত্তরাঞ্চলে একটি বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে বাঘের খাঁচায় ঢুকে প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি। খাঁচার ভেতরে থাকা একটি বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানায়, শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে ডনকাস্টার শহরের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে।

এক ব্যক্তি বাঘের খাঁচায় ঢুকে পড়েছেন বলে খবর পাওয়ার পর পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা সেখানে যান। ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি কীভাবে বাঘের খাঁচায় প্রবেশ করেছিলেন-তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, বাঘটি আহত হয়নি এবং পুরো ঘটনার সময় খাঁচার ভেতরেই ছিল। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য বাড়তি কোনো ঝুঁকি নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর পার্কটি খালি করে দেওয়া হয়। শনিবার রাতেও সেখানে পুলিশ সদস্যরা অবস্থান করছিলেন।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ওই ব্যক্তির পরিবারকে ঘটনার বিষয়ে জানানো হয়েছে। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা তাদের সহায়তা করছেন। এই কঠিন সময়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্পর্কেও পুলিশ অবগত রয়েছে। ভিডিওটিতে হামলার কিছুক্ষণ আগে ওই ব্যক্তিকে বাঘের খাঁচার ভেতরে দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে মানসিকভাবে কষ্টদায়ক হতে পারে এমন ভিডিওটি শেয়ার না করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।

ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, বাঘের খাঁচাকে ঘিরে গুরুতর একটি ঘটনার পর পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। রোববার পর্যন্ত এটি বন্ধ থাকবে।

পার্কটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ঠিক কী ঘটেছিল, তা জানতে কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে পার্ক কর্তৃপক্ষ। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

২০০৯ সালে যাত্রা শুরু করে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক। বিপন্ন আমুর বাঘের জন্য তৈরি ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামের বিশেষ সংরক্ষণ এলাকা ২০১১ সালে চালু করা হয়। সাইবেরিয়ান বাঘ নামেও পরিচিত এই বাঘের জন্য সংরক্ষণ এলাকাটির আয়তন প্রায় শূন্য দশমিক ৪ হেক্টর বা ২ একর।

পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সেখানে প্রায় ৩০০ মিটার দীর্ঘ উঁচু হাঁটার পথ রয়েছে। এই পথ দিয়ে দর্শনার্থীরা বাঘগুলোকে বনভূমি ও ঘাসে ঢাকা এলাকায় বিচরণ করতে এবং জলপ্রপাতের পানিতে তৈরি জলাশয়ে খেলতে দেখতে পারেন।

বিষয়:ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক দক্ষিণ ইয়র্কশায়ার বাঘের খাঁচায় ঢুকে মৃত্যু ল্যান্ড অব দ্য টাইগার্স
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…