এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে পূর্ণশক্তির দল পায়নি বাংলাদেশ। চোট, অসুস্থতাজনিত কারণে নির্ভরযোগ্য ক্রিকেটারদের একেকজন ছিলেন না একেক ম্যাচে। নইলে মহাদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স অন্যরকম হতে পারতো বলে আক্ষেপ করলেন মেহেদী হাসান মিরাজ।
এশিয়া কাপ মিশন শেষ করে শনিবার কলম্বো থেকে ঢাকায় ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন টাইগার অলরাউন্ডার মিরাজ।
‘আমরা চেষ্টা করব যারা চোটে পড়েছে, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। তামিম ভাই দলের সঙ্গে ছিলেন না চোটের কারণে। শান্ত খেলার ভেতর চোটে পড়েছে। সে কিন্তু দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই বড় ইনিংস খেলেছে। লিটন ভাই অসুস্থ ছিলেন। মুশফিক ভাইকে ব্যক্তিগত কারণে খেলার মাঝেই চলে আসতে হয়েছে। সব মিলিয়ে যদি সবাই সুস্থ থাকত, তাহলে খুব ভালো একটা টুর্নামেন্ট হতো, আমি ব্যক্তিগতভাবে এ আশাই করেছি। সব মিলিয়ে মনে করি, বিশ্বকাপের আগে আমরা সবাই সুস্থ হয়ে, মানসিকভাবে ভালো অবস্থায় থেকে বিশ্বকাপে যেতে চাই।’
শেষ ম্যাচটা জেতায় দলের মধ্যে আলাদা আত্মবিশ্বাস যোগ করবে বলে মনে করেন মিরাজ। এশিয়া কাপ মিশন শেষ করে সব সদস্যই ফিরেছেন একসঙ্গে।
টিম টাইগার্সের বিশ্রামের সুযোগ আছে সামান্যই। কেননা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রাতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল।
এশিয়া কাপের ফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে পড়া বাংলাদেশ দল ভারত-পরীক্ষায় উতরে যায় দারুণভাবে। বিশ্বকাপের আগে এই জয় খেলোয়াড়দের মধ্যে মনোবল ফেরানোর বড় উপলক্ষ। ফাইনালে উঠতে না পারা আক্ষেপের হলেও স্বস্তি হয়ে এসেছে শেষ ম্যাচে রোহিত শর্মার দলকে হারিয়ে দেয়ায়।
মিরাজ মনে করেন ভারত-বধের আত্মবিশ্বাস আসন্ন নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও কাজে লাগবে, ‘ম্যাচটা এমন ছিল আমরা জিতলেও এশিয়া কাপের ফাইনালে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে আমাদের মধ্যে এই বিষয়টা কাজ করেছে, যদি ভারতের সঙ্গে জিততে পারি, তাহলে বিশ্বকাপের যাওয়ার আগে আত্মবিশ্বাসটা ভালো থাকবে। বিশ্বকাপ বড় ইভেন্ট, খেলাও ভারতে। সেখানে যাওয়ার আগে দলের স্পিরিটটা বেড়ে যাবে। সেটাই হয়েছে। দলের খেলোয়াড়েরা খুব ভালো খেলেছে।’







