অন্যান্য খেলা

বিশ্বকাপের দুয়ার খুলে আশা ‘বাংলাদেশ অনেকদূর যাবে’

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুত, মাঠে প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে, মাঠে অনুশীলন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সমীকরণ ছিল থাইল্যান্ডের বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকিট পেয়ে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। রীতিমত থাইদের বিধ্বস্ত করে ইতিহাস গড়েছে লাল-সবুজ দলটি। যুব বিশ্বকাপের মঞ্চে খেলার দুয়ার উন্মুক্ত হয়েছে মওদুদুর রহমান শুভর শিষ্যদের। যা বাংলাদেশের হকিতে যোগ করবে নতুন এক মাত্রা, এগিয়ে যাবে বহুদূর, বলছেন যুবাদের কোচ।

ওমানের রাজধানী মাসকটে মঙ্গলবার দুপুরে বাংলাদেশের যুবারা ৭-২ গোলে হারিয়েছে থাইল্যান্ডকে। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ জয় ও মোহাম্মদ আবদুল্লাহ। একটি করে গোল করেছেন মোহাম্মদ রাকিবুল হাসান, মোহাম্মদ খান ও আমিরুল ইসলাম। ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে আমিরুলের হাতে।

ম্যাচ শেষে কোচ মওদুদুর রহমান বলেছেন, ‘ছেলেরা অনেক ভালো খেলে বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে। আজকের ম্যাচে জেতাটা আমাদের জন্য খুব জরুরি ছিল। গত তিনমাস ছেলেরা যে কষ্ট করেছে, সেটার ফল আমরা পেয়েছি। এখন বিশ্বকাপের দরজা আমাদের জন্য উন্মুক্ত হয়েছে, আশা করি হকিতে বাংলাদেশের ছেলেরা অনেকদূর এগিয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

আগামী বছর ভারতে হতে চলা যুব বিশ্বকাপ হকিতে স্বাগতিক ভারতসহ এশিয়ার ৭ দেশ অংশ নেবে। যুব এশিয়া কাপ মূলত বিশ্বকাপের বাছাইপর্ব মঞ্চ। যেখানে এশিয়া কাপে ষষ্ঠর মধ্যে থাকলেই কোনো দেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত। থাইদের হারিয়ে সেরা ছয়ের মাঝে স্থান নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।

এবারের যুব এশিয়া কাপে বাংলাদেশ খেলছে পুল ‘বি’তে। গ্রুপে ওমানের সঙ্গে প্রথম ম্যাচে জয়। পরে পাকিস্তানের কাছে হার। কিন্তু শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে এপর্যন্ত ৫ ম্যাচে ২ জয়, ২ ড্র ও এক হারে বাংলাদেশের পয়েন্ট ৮।

বিষয়:এশিয়া কাপ থাইল্যান্ড বাংলাদেশ ভারত যুব হকি বিশ্বকাপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…