দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ৫০০ উইকেট শিকারের পর দুঃসংবাদ পেয়েছিলেন রবীচন্দ্রন অশ্বিন। মায়ের অসুস্থতায় পাশে থাকতে রাজকোট টেস্ট ছেড়ে চেন্নাই রওনা হন ৩৭ বর্ষী অফস্পিন-অলরাউন্ডার। চলতি টেস্টে আর খেলবেন না বলে খবর দিয়েছিল দেশটির গণমাধ্যম। চেন্নাই থেকে ফিরে অবশ্য রোববার আবারও রাজকোটে দলের সাথে যোগ দিয়েছেন অশ্বিন।
রাজকোট টেস্টের চতুর্থ দিন সকালে বিসিসিআই জানিয়েছে অশ্বিন ফিরছেন, ‘আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, পারিবারিক জরুরি প্রয়োজনে কিছু সময়ের জন্য দল ছেড়ে যাওয়ার পর অশ্বিন আবারও দলের সাথে যোগ দিচ্ছেন।’
‘অশ্বিন নিজে এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট তার ফিরে আসায় খুশি। কঠিন এ সময়ে অশ্বিন তার ও পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছেন।’
চতুর্থ দিনে তৃতীয় সেশনে প্রথমে ফিল্ডিং করতে নামেন অশ্বিন। ৫৫৭ রান তাড়া করতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। পুরো একদিন মাঠের বাইরে থাকায় খেলতে নামার পরপরই বল করতে পারবেন অশ্বিন। ‘অভ্যন্তরীণ চোট বা অসুস্থতার গ্রহণযোগ্য’ কারণ বিবেচনায় তাকে এ সুযোগ দেয়া হবে।
রাজকোট টেস্টের খেলা তিন দিন বাকি থাকা অবস্থায় অশ্বিন চলে যাওয়ায় দশজনের দলে পরিণত হয়েছিল ভারত। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় আঘাত পেলে কিংবা করোনাভাইরাসে আক্রান্ত হলে ম্যাচ চলাকালীন তার বদলি নামানো যায়। ৩৭ বর্ষী ক্রিকেটারের ক্ষেত্রে এমনকিছু না হওয়ায় একজন কম নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়াকে লড়তে হয়।







