পার্থে প্রথম টেস্টে না খেলা অজি অধিনায়ক প্যাট কামিন্স নেই ব্রিসবেনে হতে চলা অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও। অপরিবর্তিত স্কোয়াড রেখে ইংলিশদের বিপক্ষে ১৪ জনের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
কামিন্স ছাড়াও আরেক পেসার হ্যামস্ট্রিংয়ের চোটে পার্থে প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া জশ হ্যাজেলউড নেই দ্বিতীয় টেস্টে। পিঠের চোট থেকে এখনো নিস্তার পাননি কামিন্স। স্কোয়াডে না থাকলেও ব্রিসবেনে দলের সঙ্গে পুরোদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ৩২ বর্ষী পেসার অ্যাডিলেড ওভালে ১৭ ডিসেম্বর শুরু অ্যাশেজের তৃতীয় টেস্টের দলে ফিরতে পারেন।
১৪ জনের দলে জায়গা ধরে রেখেছেন ওপেনার উসমান খাজা। দুদিনে শেষ হওয়া পার্থ টেস্টে পিঠের চোটে এক ইনিংসে ব্যাটিং করেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে তার জায়গায় নেমে ট্রাভিস হেড খেলেন ম্যাচজয়ী ইনিংস।
ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়া: স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিশেল নেসের, মিচেল স্টার্ক, জেক ওয়েথার্লড, বিউ ওয়েবস্টার।








