শিরোপার দৌড়ে এগিয়ে থাকা দুদলের গুরুত্বপূর্ণ ম্যাচে লিভারপুলকে হারিয়ে জয় তুলে নিয়েছে আর্সেনাল। তাতে শীর্ষে থাকা অলরেডদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে মিকেল আর্তেতার দল। জয়ের পর উচ্ছ্বসিত আর্তেতা বলছেন, প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড়ে শক্তভাবেই টিকে আছে দল।
এমিরেটস স্টেডিয়ামে রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জিতেছে আর্সেনাল। ম্যাচে আর্সেনালকে বুকায়ো সাকা এগিয়ে নেয়ার পর গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে লিভারপুল। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে নেয়ার পর ব্যবধান আরো বাড়ান লিয়েন্দ্রো ট্রসার্ড।
ম্যাচে আর্সেনাল জয় পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। দুই পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট নিয়ে আছে তিনে।
ম্যাচ শেষে ৪১ বর্ষী আর্তেতা বলেছেন, ‘এটা নিশ্চিত যে শিরোপা জয়ের দৌড়ে আমরা এখনও দারুণভাবে টিকে আছি। এভাবেই খেলা চালিয়ে যেতে চাই। এবারের মৌসুমের শুরু থেকে সত্যিই আমরা ধারাবাহিক ছিলাম। তা না হলে আজ আমরা এখানে থাকতাম না।’
‘মৌসুমের শুরু থেকে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। বাকিটা কাজটা নির্ভর করছে দলের ছন্দে থাকা খেলোয়াড়দের সঠিক সময়ে দলে পাওয়া। গত মৌসুমে এটা শিখেছি। দেখা যাক আরও একবার চেষ্টা করে। এই ম্যাচটি নিয়ে বলতে গেলে এটি অসাধারণ ছিল। খেলোয়াড়রা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। পুরো মৌসুমের মধ্যে দলের এখন যে পরিবেশ সেটিই সেরা।’







