ইংলিশ প্রিমিয়ার লিগে পরাশক্তি দলগুলোর মধ্যে অন্যতম একটি আর্সেনাল, তবে ইউরোপিয়ান মঞ্চে পারফরম্যান্স বিবেচনায় খুব বেশি সাফল্য নেই। চ্যাম্পিয়ন্স লিগে নেই শ্রেষ্ঠত্বের মুকুট। সেই আর্সেনাল নামছে প্রতিযোগিতায় রেকর্ড শিরোপাধারী রিয়াল মাদ্রিদের বিপক্ষে। তবে গত কয়েক মৌসুমের পারফম্যান্স বিবেচনায় লস ব্লাঙ্কোসদের কোচ কার্লো আনচেলত্তি গানারদের হালকাভাবে নিচ্ছেন না।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মুখোমুখি হবে রিয়াল। ইংলিশ ক্লাবটির মাঠে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১টায় শুরু হবে লড়াই।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ইতালিয়ান কোচ আনচেলত্তি বলেছেন, ‘সত্যি তারা অসাধারণ খেলছে। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে। তারা প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে উঠেছে। আমার মনে হয় ২০২০ সালে আর্সেনালের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী। ভবিষ্যতেও তারা উন্নতি করতে থাকবে।’
আর্সেনালকে শক্তিশালী ভাবলেও আনচেলত্তির শিষ্যরা প্রস্তুত লড়াইয়ের জন্য। ইতালিয়ান কোচ বলেছেন, ‘আমার এখন একটাই ভাবনা, সেটি হল ম্যাচের জন্য ভালো প্রস্তুতি। সেটাও আমরা ভালোভাবেই সেরেছি। আমরা এমন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছি যে অনেককিছু ভালো করে। উচ্চ চাপ, কম ব্লকিং, ট্রানজিশন… এসবে তারা দারুণ করে। এসবের জন্য আমরা স্পষ্ট ধারণা নিয়েছি যা মাঠে কার্যকর করার চেষ্টা করব।’
নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে এরইমধ্যে ম্যানচেস্টার সিটি ও অ্যাটলেটিকো মাদ্রিদের মতো দলকে বিদায় করে দিয়েছে রিয়াল। চলতি মৌসুমে শিরোপা জয়ের আত্মবিশ্বাস পাচ্ছেন আনচেলত্তি।
‘যদি আমি বিশ্বাস না করতাম যে, আমরা এই মৌসুমে শিরোপা জিততে পারি, তাহলে এরইমধ্যে সরে যেতাম। আমি ছুটির কথা ভাবতাম। শেষপর্যন্ত যাই হোক, আমরা এখানে সব শিরোপার লড়াইয়ের জন্য আছি। যদি কাজ না হয় তাহলে পরের মৌসুমের জন্য আমাদের ভাবতে হবে। তবে তার সময় এখনও আসেনি। চ্যাম্পিয়ন্স লিগে আমাদের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ। এই জ্ঞানের অর্থ হল, এধরনের ম্যাচ নিয়ে এমন চাপ নিয়ে আপনি ভয় পাবেন না।’








