দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা যা করা প্রয়োজন, তার সব করতে প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখ করে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, এদেশ সবার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবার এই দেশ। এই সম্প্রীতি বজায় রেখে এই দেশে আমরা বাস করতে চাই।
রোববার (১৩ এপ্রিল) সকালে ঢাকার মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের ‘সম্প্রীতি ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, আজকের এই অনুষ্ঠান সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ। এখানে সম্প্রীতির সমাবেশ ঘটেছে। আমরা বুদ্ধের নীতি অনুসারে দেশকে গড়ে তুলতে চাই। সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমরা চাই পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় তা করতে আমার রাজি আছি। সমগ্র দেশের সম্প্রদায় সম্প্রতি রক্ষার জন্য যা কিছু করতে হয়, সেটা করতে সদায প্রস্তুত থাকব। আমরা সবাই মিলে এই দেশ ও জাতিকে একটা শান্তির জায়গা নিয়ে যেতে চাই। গৌতম বুদ্ধের বাণী এই সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে। আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। একে অপরের বক্তব্য, মতামতকে যেন শ্রদ্ধা করি। আমাদের নিজস্ব মতামত থাকবে সেই অনুযায়ী কাজ করব।







