সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘১৪তম ইন্দো-প্যাসিফিক আর্মি চিফস্ কনফারেন্স (আইপিএসিসি)-২০২৫’ এ যোগদানের জন্য চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া যাচ্ছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি। সোমবার আইএসপিআর-এর সহকারি পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড ও মালয়েশিয়ান ডিফেন্স ফোর্সের যৌথ আয়োজনে কুয়ালামপুরে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থলবাহিনীর সেনাপ্রধানগণ উপস্থিত থেকে মৈত্রী ও সহযোগিতা জোরদার, অভিন্ন চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় মতবিনিময় এবং আঞ্চলিক সংকটে সমন্বিত পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশসমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে। এছাড়া পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে ফিরবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।










