ফুটবল

আর্জেন্টিনার এই দল প্রতিটি ম্যাচই ফাইনাল ভেবে খেলে

বলছেন মেসি

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দে একত্রিত হয়ে উল্লাস করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বুধবার রাতে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিস্সিমায় খেলবে আর্জেন্টিনা। ইউরো চ্যাম্পিয়নদের বিপক্ষে মহারণের আগে কোপা আমেরিকা শিরোপাধারীদের অবস্থা নিয়ে বলেছেন অধিনায়ক লিওনেল মেসি। শুনিয়েছেন আশার কথা।

আসছে নভেম্বরে কাতারে বসছে ফিফা বিশ্বকাপের ২২তম আসর। তারুণ্যনির্ভর আর্জেন্টিনাকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী মেসি। দলের সবাই নিজেদের করণীয় সম্পর্কে সচেতন এবং যেকোনো প্রতিপক্ষের বিপক্ষে পাল্লা দিয়ে লড়তে সক্ষম বলছেন তিনি।

‘এই দল প্রতিটি ম্যাচই ফাইনাল ভেবে খেলে। কোচিং স্টাফরা দলকে দারুণভাবে প্রস্তুত করছে। ছেলেরা খুব ভালোভাবেই জানে কীভাবে খেলতে হবে এবং ম্যাচের প্রতিটি মুহূর্তে তাদের কী করতে হবে, তরুণ একটা দলে যা সহজ নয়। কিন্তু এই দলের সবার নিজের করণীয় সম্পর্কে স্বচ্ছ ধারণা আছে। আর্জেন্টিনার এই দলটা যেকারো সঙ্গে লড়াই করতে পারে এবং যেকোনো প্রতিপক্ষের জন্য ম্যাচটা কঠিন করে তুলতে পারে।’

‘এবার আমাদের দারুণ একটা দল এবং আমরা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। জয়ের ধারায় আছি। এটা এগিয়ে যেতে অনেক সাহায্য করে। যখন আমরা জাতীয় দলে একত্রিত হই, মনে হয় সবকিছু ঠিকঠাক হচ্ছে। প্রত্যেকে নিজেদের ভূমিকাটা জানে এবং মাঠে কী করতে হবে, সেটাও জানে।’

বিশ্বকাপের মতো বড় মঞ্চে কোনো প্রতিপক্ষকেই ছোট করে দেখছেন না সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। তাই সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচটা জিতে দলের আত্মবিশ্বাস বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছেন।

‘বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময় অন্যরকম। অতীত অভিজ্ঞতা থেকে জানি, কোনো প্রতিপক্ষই সহজ নয়। গত বিশ্বকাপে আমরা গ্রুপপর্ব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলাম, কিন্তু শেষপর্যন্ত সবকিছু বেশ কঠিন হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ যেমনই হোক না কেনো, প্রথম ম্যাচে জড়তা থাকে। আমাদের দলের অনেকেরই এটা প্রথম বিশ্বকাপ। বিশ্বকাপে প্রথম ম্যাচ জেতাটা তাদের আত্মবিশ্বাস যোগাবে। এটা বেশ গুরুত্বপূর্ণ।’

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ফিনালিসসিমা লিওনেল মেসি সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…