আন্তর্জাতিক

স্যানিটেশন সংকটে স্বাস্থ্য-নিরাপত্তা-মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ বিশ্ব টয়লেট দিবস

স্যানিটেশন সংকটে স্বাস্থ্য-নিরাপত্তা-মর্যাদার ঝুঁকিতে নারীরা

আজ ১৯ নভেম্বর, বিশ্ব টয়লেট দিবস। নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শৌচাগারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরি এবং সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিবছর দিবসটি পালিত হয়। তবে বিশ্বজুড়ে এখনো কোটি কোটি মানুষ পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা থেকে বঞ্চিত। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য নিরাপদ শৌচাগারের অভাব স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি তৈরি করছে নিরাপত্তা, মর্যাদা ও বৈষম্যের সংকট।

জাতিসংঘ ২০১০ সালে পানি ও স্যানিটেশন সুবিধা পাওয়াকে মানবাধিকার হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু এই স্বীকৃতির পরও বিশ্বের বিপুলসংখ্যক মানুষের জন্য নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়নি। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ২৬০ কোটি মানুষ পর্যাপ্ত স্যানিটেশন সুবিধা ছাড়াই বসবাস করছেন। তাঁদের মধ্যে ১১০ কোটির বেশি মানুষের কোনো শৌচাগার সুবিধা নেই। ফলে তাদের খোলা জায়গা, ঝোপঝাড়, মাঠ, নালা কিংবা রেললাইনের পাশে মলত্যাগ করতে হয়।

পর্যাপ্ত শৌচাগারের অভাব নারী ও কিশোরীদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ। পুরুষদের তুলনায় তাদের শারীরিক প্রয়োজন যেমন আলাদা, তেমনি শৌচাগার ব্যবহার ও গোসলের ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার প্রয়োজনও বেশি। কিন্তু বাড়ির বাইরে দূরবর্তী স্থানে শৌচাগার থাকলে সেখানে যাতায়াতের সময় যৌন হয়রানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতার আশঙ্কা তৈরি হয়। নিরাপদ পানীয় জল ও স্যানিটেশন পাওয়ার মানবাধিকারের বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ ক্যাটারিনা দে আলবুকের্কি বলেছেন, স্যানিটেশন সুবিধা পেতে নারী ও কিশোরীদের দীর্ঘ পথ হাঁটতে হলে, বিশেষ করে রাতে, তারা যৌন সহিংসতার বেশি ঝুঁকিতে থাকেন।

স্যানিটেশন সংকটে স্বাস্থ্য-নিরাপত্তা-মর্যাদার ঝুঁকিতে নারীরা

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বের লাখ লাখ নারী ও কিশোরীকে শৌচাগার ব্যবহারের জন্য বাড়ি থেকে ৩০০ মিটারেরও বেশি দূরে যেতে হয়। কোথাও কোথাও শৌচাগারের অভাবে প্লাস্টিকের ব্যাগে মলত্যাগ করে তা খোলা জায়গায় ফেলে দেওয়া হয়। এই পদ্ধতি ‘ফ্লাইং টয়লেট’ নামে পরিচিত। খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে নারী ও কিশোরীরা শুধু যৌন সহিংসতার ঝুঁকিতেই পড়েন না, বন্য প্রাণীর আক্রমণের শিকার হওয়ার আশঙ্কাও থাকে। ঝোপঝাড়ে গোপনীয়তা বজায় রাখতে তারা অনেক সময় নীরবে চলাফেরা করেন। এতে সাপসহ বিভিন্ন প্রাণীর আক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

শৌচাগারের প্রয়োজনীয়তা শুধু মলত্যাগের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঋতুস্রাবের সময় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার জন্যও নারীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা প্রয়োজন। কিন্তু বিশ্বের অনেক সমাজে এখনো ঋতুস্রাব নিয়ে সামাজিক কুসংস্কার ও অস্বস্তি রয়েছে। ফলে প্রয়োজনীয় শৌচাগার ও পরিচ্ছন্নতার ব্যবস্থা না থাকায় ঋতুস্রাবের সময় অনেক নারী ও কিশোরীকে স্কুল, কর্মস্থলসহ দৈনন্দিন বিভিন্ন কার্যক্রম থেকে বিরত থাকতে হয়। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের জন্য পৃথক ও নিরাপদ শৌচাগারের ব্যবস্থা থাকলে তাদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ে। একই সঙ্গে বয়ঃসন্ধিকালের পরও পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়। অন্যদিকে, ব্যক্তিগতভাবে গোসল ও পরিচ্ছন্নতার সুযোগ না থাকায় অনেক কিশোরী সামাজিক বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়, যা তাদের আত্মবিশ্বাস ও স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে।

স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় নারী ও কিশোরীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ব্যক্তিগত শৌচাগারের প্রয়োজনীয়তাকে নারীরা অনেক বেশি গুরুত্ব দিলেও পরিবারের অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অনেক ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ থাকে না। ফলে পরিবারের বাজেটে স্যানিটেশন খাতটি যথাযথ অগ্রাধিকার পায় না। ২০১১ সালের জুনে জাতিসংঘের তৎকালীন মহাসচিব বান কি মুন ২০১৫ সালের মধ্যে সবার জন্য স্যানিটেশন নিশ্চিত করার লক্ষ্যে ‘সাসটেইনেবল স্যানিটেশন: ফাইভ-ইয়ার ড্রাইভ টু ২০১৫’ কর্মসূচি চালু করেন। এর উদ্দেশ্য ছিল সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী বিশ্বব্যাপী স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিত করা।

বিশ্ব শৌচাগার দিবসের প্রেক্ষাপটে বিশেষজ্ঞদের বক্তব্য ও বৈশ্বিক পরিস্থিতি একটি বিষয় স্পষ্ট করে; স্যানিটেশন কেবল স্বাস্থ্যগত প্রয়োজন নয়, এটি মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে জড়িত। তাই নারী ও কিশোরীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন, সহজলভ্য এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় সক্ষম শৌচাগার নিশ্চিত করা জরুরি। সবার জন্য স্যানিটেশন নিশ্চিত না হলে স্বাস্থ্যসম্মত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার লক্ষ্য পূরণ কঠিন হবে।

বিষয়:নিরাপদ স্যানিটেশন বিশ্ব শৌচাগার দিবস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…