বিশ্বকাপ জয়ে উৎসব চলছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আর্জেন্টিনা ফুটবল ও লিওনেল মেসির ভক্তদের মধ্যে। তাদের বিশাল সর্মথক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপের শুরু থেকেই নজর কেড়েছেন বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরা। উন্মাদনার হাওয়া এখনো বইছে তাদের মাঝে। তারই নজির মিলল মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে।
শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচে আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতে বিশাল এক ব্যানার নিয়ে হাজির হন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা।
বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিন বাংলাদেশের ড্রেসিংরুমের পাশে গ্র্যান্ডস্ট্যান্ডে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্বজয়ের আনন্দ উদযাপন করতে দেখা যায় তাদের। লিওনেল মেসি, দিয়াগো ম্যারাডোনা ও বিশ্বকাপ ট্রফির ছবি সম্বলিত ব্যানারে লেখা হয় ‘অভিনন্দন আর্জেন্টিনা’। দলটির তিনটি বিশ্বকাপ জয়ের স্মারক ‘থ্রি-স্টার’ও স্থান পায় ব্যানারে।
লিওনেল মেসি ও আর্জেন্টিনার নাম ধরে স্লোগান দিতেও দেখা গেছে তাদেরকে। ক্রিকেট মাঠে ফুটবল বিশ্বকাপ জয়ের উদযাপনের এই দৃশ্য নজর কেড়েছে সবার।








