ছেলেদের ব্যক্তিগত রাউন্ড অব সিক্সটি ফোরে আজ প্যারিস অলিম্পিকে আর্চারি ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধি হয়ে লড়বেন সাগর ইসলাম। টোকিও অলিম্পিকে রৌপ্যপদক জয়ী ইতালির মাউরো নেসপোলিকে প্রতিপক্ষ পেয়েছেন।
ইনভেলিদেস ভেন্যুতে বুধবার বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩১ মিনিটে খেলা শুরু হবে। ২৫ জুলাই ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হন ১৮ বর্ষী সাগর।
ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে আর্চাররা ৭২টি করে তীর মারেন। মোট ৭২০ পয়েন্টের মধ্যে সাগর ৬৫২ পয়েন্ট আদায় করেন। পরের রাউন্ডে সাগরের প্রতিপক্ষ নেসপোলি ৬৭০ পয়েন্ট নিয়ে ২০তম হন।
একমাত্র বাংলাদেশি হিসেবে সাগর এবারের অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। বাকি অ্যাথলেটরা ওয়াইল্ড কার্ড এন্ট্রির মাধ্যমে অংশ নিচ্ছেন। সেইন নদীতে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের প্যারেডে তিনি বাংলাদেশের পতাকা বহন করেছেন।







