সারা রাজধানী জুড়ে বিভিন্ন এলাকায় নিজেদের দাবি পূরণে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভে অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। বাড্ডা, সাইনেন্স ল্যাব, শাহবাগ, শহীদ মনারসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে অভিভাবকসহ যুক্ত হচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের বৈসম্যবিরোধী শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলন করে অন্তত কয়েক হাজার শিক্ষার্থী। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সমানে এসে সমাবেশ করে। এই বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীদের অভিভাবকরাও অংশ নেয়। এদিকে দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা আবারো বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস অবরোধ করে।
শনিবার ৩ আগস্ট চাঁদপুরে ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। বেলা ১১টায় চাঁদপুর সরকারি কলেজের সামনে থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে বাসস্ট্যান্ডে এলাকায় এসে তারা এই কর্মসূচি পালন করে। বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে বিক্ষোভ এবং দাবি বাস্তবায়নে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই কর্মসূচিতে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে আন্দোলনরত শিক্ষার্থী ও জনতা। আজ দুপুর ১২টার দিকে শহরের গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে ছাত্র-জনতার একটি বিশাল বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরান থানা এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এই বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়েছেন।
রংপুরে বিক্ষোভ মিছিলে যোগ দেন নগরীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। অনেক অভিভাবকও তাদের সঙ্গে অংশ নেন। ময়মনসিংহে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা টাউন হল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
নারায়ণগঞ্জের চাষাড়ায় শহীদ মিনার ও বিজয়স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেসময় চাষাঢ়া থেকে বঙ্গবন্ধু সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকেরা দেশের বিভিন্ন স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী ও আমজনতার উপর নির্বিচারে গুলি, হত্যা, গুম, বেআইনিভাবে হয়রানি এবং গণগ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল ও সংহতি সমাবেশ করেছে। বেলা ১১টায় মাথায় লাল কাপড় বেঁধে একত্রিত হয়ে রাজপথে নামেন ইবি শিক্ষকবৃন্দ। প্রশাসন ভবনের সামনে থেকে একটি র্যালি বের করে ডায়না চত্বর হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সংহতি সমাবেশে মিলিত হয়।










