বিনোদন

জুবিন গার্গের মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে আসামজুড়ে আন্দোলন

নেতৃত্বে স্ত্রী গরিমা

জুবিন গার্গের মৃত্যু: ন্যায়বিচারের দাবিতে আসামজুড়ে আন্দোলন

জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে একজোট হয়েছে কংগ্রেস, রাইজর দল ও অসম জাতীয় পরিষদ। আসামজুড়ে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে দলগুলো। আন্দোলনে নেতৃত্ব দেবেন প্রয়াত সংগীতশিল্পীর স্ত্রী গরিমা গার্গ।

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে ভারতের আসাম রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস, রাইজর দল ও অসম জাতীয় পরিষদ।

রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সংগঠন ও শিল্পীর অনুরাগীদের নিয়ে এই আন্দোলন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্দোলনের মূল লক্ষ্য, জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে জনমত তৈরি করা এবং আইনি লড়াই চালিয়ে যাওয়া।

রবিবার আসামের কামরূপ মহানগর জেলার সোনাপুরে জুবিন গার্গ ক্ষেত্র প্রাঙ্গণে আয়োজিত এক জনসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংগঠনের সদস্য, প্রয়াত শিল্পীর পরিবারের সদস্য এবং অনুরাগীরা উপস্থিত ছিলেন।

রাইজর দলের বিধায়ক অখিল গগৈ জানান, জুবিনের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে গোটা আসামে গণআন্দোলন গড়ে তোলা হবে। তার অভিযোগ, এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও রাজ্যের মানুষ এখনও ন্যায়বিচার পাননি। এই পরিস্থিতিতে দ্রুত আন্দোলন শুরু করে সরকারের ওপর জনমতের চাপ তৈরি করা প্রয়োজন।

অখিল গগৈ আরও জানান, আন্দোলন কোনও রাজনৈতিক দলের পতাকা বা পরিচয়ে পরিচালিত হবে না। জুবিনের প্রতি ভালোবাসা এবং ন্যায়বিচারের দাবিই হবে এর প্রধান ভিত্তি। গরিমা শইকীয়া গার্গের নেতৃত্বে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জনসভায় উপস্থিত ছিলেন গৌহাটি হাইকোর্টের আইনজীবী নেকিবুর জামান। জুবিনের মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের জামিন প্রসঙ্গে তিনি জানান, এক বছরেরও বেশি সময় হেফাজতে থাকার পর মামলার নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট দুজন অভিযুক্তকে জামিন দিয়েছে। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সুযোগ রয়েছে। তার বক্তব্য অনুযায়ী, ইতিমধ্যে কয়েকজন শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন। পাশাপাশি আসাম সরকারও জামিনের বিরোধিতা করে গৌহাটি হাইকোর্টে আবেদন করার পরিকল্পনা করেছে।

গত অক্টোবরে জুবিনের আত্মীয় এবং আসাম পুলিশের সাময়িক বরখাস্ত হওয়া ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ সন্দীপন গার্গকে জামিন দেয় গৌহাটি হাইকোর্ট। বিচারপতি রাজেশ মজুমদারের একক বেঞ্চ তার আবেদনের শুনানি শেষে এই সিদ্ধান্ত নেয়। এর আগে গত ৯ অক্টোবর জুবিনের সহশিল্পী অমৃতপ্রভা মহন্তকেও জামিন দেওয়া হয়। এই মামলায় জামিন পাওয়া প্রথম অভিযুক্ত তিনি। বিশেষ সরকার পক্ষের আইনজীবী জিয়াউল কামার জানান, ৫০ হাজার রুপির বন্ডে তাকে জামিন দেওয়া হয়েছে। ২০২৫ সালে জুবিনের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের পর বিশেষ তদন্তকারী দল তাকে গ্রেপ্তার করেছিল।

জুবিন গার্গের মৃত্যু ঘিরে তদন্ত ও আইনি প্রক্রিয়ার মধ্যেই ন্যায়বিচারের দাবিতে নতুন করে সংগঠিত হচ্ছেন আসামের বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও শিল্পীর অনুরাগীরা। গরিমা গার্গের নেতৃত্বে এই আন্দোলন কতটা বিস্তৃত হয়, এখন সেদিকেই নজর রয়েছে। দ্য স্টেটসম্যান

বিষয়:আন্দোলন আসাম গায়ক জুবিন গার্গ ন্যায়বিচার মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…