রাজধানী ঢাকার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, আমাদের একটি সমন্বয়ক টিম আজ গিয়েছিলেন ঢাকেশ্বরী মন্দিরে৷ উদ্ভূত পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা দেশের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে যেকোন ষড়যন্ত্র রুখতে প্রস্তুত।
তিনি আরও বলেন, সমন্বয়ক টিম তাদের থেকে সারাদেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাই-বোনদের তথ্য নিয়েছে৷ তাদের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা করা অন্যতম প্রধান প্রায়োরিটি হবে।







