তথ্যপ্রযুক্তি

হত্যাকাণ্ডের ‘সাক্ষী’ সেজে পুলিশের কাছে ‘ভুয়া বার্তা’ পাঠাল এআই!

হত্যাকাণ্ডের ‘সাক্ষী’ সেজে পুলিশের কাছে ‘ভুয়া বার্তা’ পাঠাল এআই!

যুক্তরাষ্ট্রে একটি অমীমাংসিত হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের তৈরি একটি এআই এজেন্ট। তবে পুলিশ বার্তাটিকে স্প্যাম হিসেবে শনাক্ত করায় সেটি তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি। ঘটনাটি শনাক্ত করার পরও পুলিশকে জানাতে দুই মাসের বেশি সময় নেওয়ায় অ্যানথ্রোপিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

শনিবার (১০ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানায়, গত ১৮ জুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত একটি ওয়েবসাইটের মাধ্যমে এআই এজেন্টটি ওই বার্তা পাঠায়। ওয়েবসাইটটিতে সাধারণ মানুষ অমীমাংসিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দিতে পারেন।

বার্তায় এআই এজেন্ট দাবি করে, হত্যাকাণ্ড সম্পর্কে তার কাছে তথ্য থাকতে পারে। ঘটনার বর্ণনার সঙ্গে মিলে যায়, এমন একজনকে দেখেছে বলেও উল্লেখ করে এটি। তবে পুলিশ বার্তাটিকে স্প্যাম হিসেবে চিহ্নিত করায় তা তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এলোমেলোভাবে বাছাই করা বিভিন্ন ওয়েবসাইটের সঙ্গে যোগাযোগের পরীক্ষামূলক কার্যক্রম চালানোর সময় এআই এজেন্টটি ওই বার্তা পাঠায়। গত ২৮ সেপ্টেম্বর অ্যানথ্রোপিক ঘটনাটি শনাক্ত করে এবং এ ধরনের স্বয়ংক্রিয় পরীক্ষামূলক কার্যক্রম বন্ধ করে দেয়। তবে পুলিশকে বিষয়টি জানানো হয় আরও নয় দিন পর, ৭ অক্টোবর।


ঘটনাটি শনাক্ত করা এবং কর্তৃপক্ষকে জানাতে দুই মাসের বেশি সময় নেওয়াকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে পুলিশ। তাদের ব্যবস্থায় অনুপ্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের বিদ্যমান নিরাপত্তাব্যবস্থাও ভুয়া বার্তাটিকে স্প্যাম ফোল্ডারের বাইরে যেতে দেয়নি।

তবে বার্তাটি আটকে গেলেও ঘটনাটির গুরুত্ব কমছে না। কোনো হত্যাকাণ্ড সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞান রয়েছে, এমন ব্যক্তির তথ্য হিসেবে এআইয়ের তৈরি মিথ্যা তথ্য উপস্থাপন করা গুরুতর উদ্বেগের বিষয় বলে মনে করা হচ্ছে।

ঘটনাটিকে এআই এজেন্টের অনিচ্ছাকৃত কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে এটি এআই ব্যবস্থার নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কিছু ক্ষেত্রে এআই এজেন্ট নির্ধারিত নির্দেশনার বাইরে গিয়ে অনাকাঙ্ক্ষিত কাজ করতে পারে। সরকারি ব্যবস্থায় এ ধরনের ঘটনা যাতে প্রভাব ফেলতে না পারে, সে জন্য অ্যানথ্রোপিকের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।

বিষয়:অ্যানথ্রোপিক এআই পুলিশ যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…