ট্রাম্পের ‘অনুগত’ কেটি জাকারাইয়া হচ্ছেন হোয়াইট হাউসের মুখপাত্র

হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি জাকারাইয়াকে মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপে কর্মরত কেটি আনুষ্ঠানিকভাবে নিয়োগ পেলে ট্রাম্পের দুই মেয়াদে ষষ্ঠ প্রধান মুখপাত্র হবেন।
স্থানীয়সময় শুক্রবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেটির মনোনয়নের কথা জানান ট্রাম্প। তিনি কেটিকে ‘অনুগত’ এবং ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ (ম্যাগা) আন্দোলনের নিবেদিতপ্রাণ সমর্থক হিসেবে বর্ণনা করেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, কেটি আগে তাঁর নির্বাচনী প্রচারে কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ সাতটি অঙ্গরাজ্যেই জয়ে ভূমিকা রেখেছেন। হোয়াইট হাউসের পরবর্তী প্রেস সেক্রেটারি হিসেবে কেটি ভালো ফলাফল বয়ে আনবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, সংবাদমাধ্যম, মার্কিন জনগণ ও তাঁর প্রশাসনের সঙ্গে কেটি চমৎকারভাবে কাজ করবেন।
ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন কেটি। তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও মার্কিন জনগণের সেবা করতে পারা তাঁর জীবনের পরম সম্মানের বিষয়।
কেটি আরও লেখেন, ‘ট্রাম্প আমেরিকাকে দেখিয়েছেন, আমরা আবারও মহান হয়ে উঠতে পারি। সেটাকে বাস্তবে রূপ দিতে তিনি প্রতিদিন কাজ করে যাচ্ছেন।’
হোয়াইট হাউসের প্রেস কোর এবং সারা দেশের সাংবাদিকদের সঙ্গে কাজ করার জন্যও আগ্রহ প্রকাশ করেন তিনি।
৪২ বছর বয়সী কেটি একজন রাজনৈতিক কৌশলবিদ ও রক্ষণশীল ভাষ্যকার। তিনি নিউজম্যাক্স ও ফক্স নিউজে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে রিপাবলিকান পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত কেটি দলটির জাতীয় কমিটিতে ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন। ২০০৬ সালে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের প্রশাসনের সময় হোয়াইট হাউসের রাজনীতিবিষয়ক দপ্তরে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
ট্রাম্পের মিডিয়া কোম্পানি ও ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জ্যেষ্ঠ যোগাযোগ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন কেটি। তাঁর লিংকডইন প্রোফাইলেও এ পরিচয় উল্লেখ রয়েছে। এর আগে গত ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে (ডিএইচএস) মুখপাত্র হিসেবে কাজ করেন তিনি।
গত আগস্টে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দায়িত্ব ছাড়েন ক্যারোলাইন লেভিট। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পরে তিনি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে যোগ দিয়েছেন।





