প্রথম বিভাগ হকি লিগের উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে উদ্বোধন করা হয়েছে প্রথম বিভাগ লীগ-২০২৬ এর আসর। বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) এর সভাপতি এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন আসরের উদ্বোধন করেন।
বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ঘরোয়া লীগ ধারাবাহিকভাবে আয়োজনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং একই সাথে তিনি হকি ক্লাব ও স্পন্সর প্রতিষ্ঠানসমূহকে হকির ঘরোয়া লীগ চলমান রাখার জন্য এগিয়ে আসতে আহবান জানান।
এছাড়া তিনি খেলোয়াড়দের ফেয়ার-প্লে ও শৃঙ্খলা বজায় রেখে খেলার জন্য নির্দেশনা প্রদান করেন। প্রথম দিনে ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের খেলা অনুষ্ঠিত হয়। ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ও ব্যাচেলর স্পোর্টিং ক্লাবটি ম্যাচটি ড্র হয়। অন্য ম্যাচে ওয়ারী ক্লাব ৬-৩ ঢাকা ইয়ং স্টারকে হারিয়েছে।
এবারের লিগে ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পি ডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুন সংঘ, ব্যাচেলার্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি এবং ঢাকা ইয়াং স্টার ক্লাব মোট ১১টি ক্লাব অংশগ্রহন করছে। দীর্ঘদিন পর ঘরোয়া লীগ মাঠে ফেরায় খেলোয়াড় ও হকি প্রেমীরা উচ্ছসিত।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বাংলাদেশ হকি ফেডারেশনের কর্মকর্তাগণ, ক্লাবসমূহের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।






