রাজধানীর মোহাম্মদপুরে হেলিকপ্টার থেকে ছোড়া র্যাবের গুলিতে নিহত হবার ঘটনায় শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনায় ইমন নামে একজন নিহত হয়েছিল বলে মামলা সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলাটি করেন আব্দুল্লাহ আবু সাইদ ভূঁইয়া নামে এক ব্যক্তি।
মামলার অন্য আসামিরা হলেন, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, তাজুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, হাছান মাহমুদ, মো. এ আরাফাত, সালমান এফ রহমান, মোস্তফা জালাল মহিউদ্দিন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন-অর-রশীদ, হাবিবুর রহমান, ড. খ মহিদ উদ্দিন, হারুন অর রশীদ, বিপ্লব কুমার সরকার। এছাড়া র্যাবের অজ্ঞাতনামা কিছু সদস্যকে আসামি করা হয়েছে।
মামলাটি মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত।








