মাইলস্টোনে নিহত দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

সরকারি কর্মকর্তারা একটি সভায় অংশগ্রহণ করছেন, যেখানে তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।
মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
স্কুলের নিহত দুইজন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার বিষয়ে বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে বলেও উল্লেখ করা হয় এই বৈঠকে।
প্রেস উইং জানায়, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে বলেও জানানো হয়।






