লা-লিগায় বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানের কাছে ৩-১ গোলে হার দেখেছে রিয়াল মাদ্রিদ। ছন্দে নেই কাইলিয়ান এমবাপে। গত মৌসুমে দুর্দান্ত করা জুড বেলিংহামও এ মৌসুমে জ্বলে উঠতে পারেননি, দেখা পাননি গোলের। এরই মাঝে আলোচনায়- কোচ কার্লো আনচেলত্তিকে ছাঁটাই করতে পারে রিয়াল মাদ্রিদ।
স্পেনের সংবাদমাধ্যমে খবর এমনটাই। মার্কা জানিয়েছে, মৌসুমের মাঝপথেই অ্যানচেলত্তিকে বরখাস্ত করতে পারে রিয়াল। বিকল্প হিসেবে ভাবা হচ্ছে রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে। পাশাপাশি নাম রয়েছে সান্তিয়াগো সোলারিরও।
ক্লাবটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা রাউল। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও লস ব্লাঙ্কোসদের সঙ্গে আছেন। রিয়াল মাদ্রিদের ‘বি’ দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। সান্তিয়াগো সোলারি এর আগেও রিয়ালের কোচ ছিলেন। জিনেদিন জিদানের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই আর্জেন্টাইন।
গত ডিসেম্বরে দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন আনচেলত্তি। ২০২৬ সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি রয়েছে তার। দুই মেয়াদে রিয়ালকে এনে দিয়েছেন ৩টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এ বছর হয়েছেন পুরুষদের বর্ষসেরা কোচ।







