জাঙ্গোর সেঞ্চুরি, প্রথমদিনে ৪ উইকেট তুলতে পারল বাংলাদেশ

সিলেট টেস্টের প্রথম দিনের শুরুটা ভালোই পেয়েছিল বাংলাদেশ। সকালেই তিন উইকেট তুলে নিয়েছিল টিম টাইগার্স। তবে আমির জাঙ্গো ও কেভিন উইকহ্যামের শতাধিক রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর জাঙ্গোর সেঞ্চুরিতে প্রথমদিনটা নিজেদের করে নিয়েছে ক্যারিবীয়রা।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ওয়েস্ট ইন্ডিজ। আলোকস্বল্পতায় দিনের খেলা শেষের আগে ৭০ ওভারে ৪ উইকেটে ২৩৫ রান তুলেছে সফরকারীরা। জাঙ্গো ১১১ রানে এবং জাস্টিন গ্রিভস ৩৫ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।
দলীয় ২৭ রানে টপঅর্ডারের তিন ব্যাটারকে হারায় উইন্ডিজ। ব্রেন্ডন কিং (৯), জশুয়া ডি সিলভা (১২) এবং কাভেম হজ (১) আউট হন। চতুর্থ উইকেটে ১৩১ রান যোগ করেন আমির জাঙ্গো এবং উইকহ্যাম। দলীয় ১৫৮ রানে উইকহ্যাম আউট হলে জুটি ভাঙে। ৫ চারে ১৪৫ বলে ৬১ রান করেন। পরে জাস্টিন গ্রিভসকে নিয়ে ক্যারিয়ারের সেকেন্ড টেস্ট সেঞ্চুরি করেন জাঙ্গো। ১৪৯ বলে শতক ছোঁয়া ইনিংসে ছিল ১০ চার ও ২ ছক্কার মার।
কয়েক দফায় আলোকস্বল্পতায় খেলা বন্ধ থাকায় এদিন নির্ধারিত সময়ে ১৯ ওভার কম খেলা হয়েছে। বিকেল সোয়া চারটার দিকে খেলা বন্ধ হওয়ার আগে জাঙ্গো ১৭১ বলে ১১১ এবং গ্রিভস ৬২ বলে ৩৫ রানে ক্রিজ ছাড়েন।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট।




