শতাব্দীর সবচেয়ে গ্র্যান্ড বিয়ে নিজের চোখে দেখার আশাই কাল হল! অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে অবৈধভাবে প্রবেশের জেরে নিরাপত্তারক্ষীদের হাতে আটক হয়েছেন দুই ব্যক্তি। পরে তাদেরকে তুলে দেওয়া হয় মুম্বাই পুলিশের হাতে।
মুম্বাইয়ের মুম্বাইয়ের-কুরলা কমপ্লেক্সের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গত দু-দিন ধরে তারকাদের হাট বসেছে। বিয়ের ভেন্যু ঘিরে সাজ সাজ রব। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলের বিয়ে বলে কথা! বিয়েতে সামিল দেশ-বিদেশের ভিভিআইপিরা। রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। তারপরেও বিনা দাওয়াতে অবৈধভাবে এই বিয়ের ভেন্যুতে প্রবেশের অভিযোগের পৃথক ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। নিরাপত্তা কর্মীরা তাদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযুক্তদের ধরে ফেলেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সিকিউরিটি অফিসার বলরামসিং লালের অভিযোগের ভিত্তিতে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, শনিবার ভোরে জিও ওয়ার্ল্ড সেন্টারের দোতলায় এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখা যায়। লাল ওই ব্যক্তিকে তার সিকিউরিটি ইনচার্জ মণীশ শ্যামলেটির কাছে নিয়ে আসেন, যিনি তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাকে বান্দ্রা-কুরলা কমপ্লেক্স পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, ভিরারের ব্যবসায়ী লুকমান মোহাম্মদ শফি শেখ (২৮) নামে ওই ব্যক্তি ১০ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। শনিবার ছিল অনন্ত-রাধিকার শুভ আশীর্বাদের অনুষ্ঠান। ভেন্যুতে প্রবেশের জন্য বিশেষ পাস দেওয়া হয়েছিল সকলকে। শেখ পরে স্বীকার করেন, কৌতূহলবশত আম্বানির ছেলের বিয়েতে হাজির হয়েছেন তিনি।
দ্বিতীয় ঘটনায়, শুক্রবার সকালে জিও ওয়ার্ল্ড সেন্টারের ১ নম্বর প্যাভিলিয়নের নিরাপত্তা কর্মীরা এক ব্যক্তিকে সন্দেহজনক আচরণ করতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
তিনি নিজেকে ভেঙ্কটেশ আলুরি (২৬) বলে পরিচয় দেন। তদন্তে জানা গেছে যে শুক্রবার সকালে তাকে ২৩ নম্বর গেটে দেখা গিয়েছিল এবং বিয়ের অনুষ্ঠানের জন্য বৈধ পাস না থাকায় তাকে চলে যেতে বলা হয়েছিল। তা সত্ত্বেও তিনি ১৯ নম্বর গেট দিয়ে অবৈধভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। কিন্তু সিকিউরিটি গার্ডরা তাকে আটক করে স্থানীয় বান্দ্রা-কুরলা থানায় নিয়ে আসে। আলুরি স্বীকার করেছেন যে তিনি তার ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও ফুটেজ সংগ্রহ করতে এমন কীর্তি ঘটিয়েছেন।
মুম্বাই পুলিশের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ২০২৩-এর ৩২৯ ধারা (অপরাধমূলক অনধিকার প্রবেশ এবং গৃহ-অনধিকারপ্রবেশ)-র অধীনে অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার অনন্ত-রাধিকার বিবাহ পরবর্তী আশীর্বাদ অনুষ্ঠানে শরীক হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবদম্পতিকে আর্শীবাদ দেন মোদী।
সূত্র: হিন্দুস্তান টাইমস







